২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টকার্ডে ৩ তালাক দিয়ে গ্রেপ্তার স্বামী

পোস্টকার্ড পাঠিয়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পর ভারতের এক ব্যক্তিকে হয়রানি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 10:10 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বিবিসি’র খবরে বলা হয়, বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্ত্রীকে তিন তালাক দিয়ে পোস্টকার্ড পাঠান মোহাম্মদ হানিফ। পোস্টকার্ডে তিনবার তালাক শব্দটি লেখা ছিল।

পরে তার স্ত্রী হায়দরাবাদ পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে।

পুলিশ জানায়, হানিফ (৩৮) বর্তমানে জামিনে আছেন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের উপকমিশনার ভি সত্যনারায়ণ বিবিসি’কে বলেন, “আমরা তদন্ত করে দেখেছি, যে প্রক্রিয়ায় বিবাহ সম্পন্ন হয়েছে তা সঠিক ছিল না। হানিফের কাছে বিবাহ প্রমাণের ঠিকঠাক কাগজপত্রও নেই।”

“আমরা প্রথমে তার জামিনের আদেশ চ্যালেঞ্জ করব। তারপর আইন অনুযায়ী তাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করব।”

প্রথম স্ত্রীর সঙ্গেও হানিফের বিয়ে বহাল আছে। ইসলামের বিধান অনুযায়ী, একজন পুরুষের একসঙ্গে চার স্ত্রী থাকতে পারে এবং তিনবার তালাক উচ্চারণ করেই স্ত্রীকে তালাক দেওয়া যায়। যদিও ভারতের নারী অধিকারকর্মীরা এই বিধানের বিরুদ্ধে আন্দলন করছে।

বিবিসি জানায়, এ বিধান ভারতের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা দেশটির সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখছে।

নারী অধিকারকর্মীদের যুক্তি, বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ জনগণ ‍মুসলিম হওয়ার পরও সেখানে মৌখিক তালাকের (তিন তালাক) আইনি ভিত্তি নেই।