২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে আত্মঘাতী বোমা হামলায় সেনাসহ নিহত ৬

পাকিস্তানের লাহোর শহরে আদমশুমারিতে অংশ নেওয়া সেনাবাহিনীর একটি গাড়ির কাছে এক আত্মঘাতী বিস্ফোরণে চার সৈন্য ও দুই বেসামরিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 12:59 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার সকালে লাহোরের বেদিয়ান রোডে চালানো এ হামলায় আরো ১৮ জন আহত হয়েছেন বলে দেশটির পাঞ্জাব প্রদেশের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, ডননিউজ।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি মার্কেটের সামনের ওই বিস্ফোরণস্থলটির আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ডননিউজ। 

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। পাকিস্তানের কয়েকটি টেলিভিশন স্টেশন প্রাথমিক খবরে বিস্ফোরণটিকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ বলে উল্লেখ করেছিল।

কিন্তু জিও নিউজকে পাঞ্জাব প্রাদেশিক সরকারের মুখপাত্র মালিক আহমেদ খান বলেছেন, “এটি আত্মঘাতী বিস্ফোরণ। তবে কী পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি।”

বিস্ফোরণে ছয়জন নিহত হওয়ার কথা নিশ্চিত করে তিনি জানান, নিহত দুই বেসামরিক আদমশুমারি দলের সদস্য ছিলেন।

বিস্ফোরণের ধাক্কায় পার্শ্ববর্তী গাড়ি পার্কে আগুন ধরে গিয়েছিল।

আহতদের সম্মিলিত সামরিক হাসপাতাল ও লাহোরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

গত মাসে লাহোরে চালানো আরেকটি আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত ও বহু আহত হয়েছিলেন।