২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ জনসংখ্যা তহবিলে অনুদান প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

জোর করে গর্ভপাত এবং অনিচ্ছাকৃত বন্ধ্যাকরণে সহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘ পপুলেশন ফান্ডে (ইউএনএফপিএ) অর্থ বরাদ্দ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 08:42 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ বিশ্বের ১৫০টিরও বেশি দেশে পরিবার পরিকল্পনার প্রচারে কাজ করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, ইউএনএফপিএ চীনে জোর করে গর্ভপাত এবং অনিচ্ছাকৃত বন্ধ্যাকরণে সমর্থন দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এ কাজে অংশও নিচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “চীনের পরিবার পরিকল্পনা নীতিতে এখনও জোর করে গর্ভপাত ও অনিচ্ছাকৃত বন্ধ্যাকরণের বিষয়টি রয়েছে এবং ইউএনএফপিএ চীন সরকারের পরিবার পরিকল্পনা সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম চালাচ্ছে। চীনের জোর করে পরিবার পরিকল্পনায় গ্রহণে বাধ্য করার নীতির ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র এই প্রথম জাতিসংঘের কোনো তহবিল থেকে অনুদান প্রত্যাহারের ঘোষণা দিল।

ইউএনএফপিএ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের যুক্তিকে ‘ভুল ব্যাখ্যা’ বর্ণনা করে বলেছে, তাদের কর্মকাণ্ড কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করে না।

ইউএনএফপিএ-র পক্ষ থেকে বলা হয়, “তারা সবসময়ই ব্যক্তি বা দম্পতিকে কোনো ধরনের বাধ্যবাধকতা বা বৈষম্য ছাড়াই তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেওয়ার জন্য উৎসাহ দেয় এবং প্রচার চালায়।”

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা হাজার হাজার নারীর প্রাণ বাঁচিয়েছে বলেও দাবি করে সংস্থাটি।

ইউএনএফপিএ-র দাবি:

· তারা নারী ও যুবাদের যৌন এবং সন্তান জন্মদান সংক্রান্ত সেবা দিয়ে থাকে, যার মধ্যে পরিবার পরিকল্পনাও রয়েছে।

· অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ করে।

· মানসিক সহায়তা প্রদাণ করে।

· ইরাক, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার মত বিশ্বের সবচেয়ে ‘ঝুঁকি পূর্ণ’ দেশে প্রকল্প পরিচালনা করে।

২০১৭ অর্থ বছরে ইউএনএফপিএর তহবিল থেকে যুক্তরাষ্ট্র মোট তিন কোটি ২৫ লাখ মার্কিন ডলার প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছে।

জাতিসংঘের অন্যান্য সংস্থার মত ইউএনএফপিএ বিভিন্ন দেশের সরকারের স্বেচ্ছা বরাদ্দ তহবিলে পরিচালিত হয়।

২০১৫ সালে ইউএনএফপিএ মোট ৯৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার অনুদান পেয়েছিল, যার এক চতুর্থাংশই দেয় যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক কোনও সংস্থা যারা গর্ভপাতে কোনো ধরনের সহায়তা করে বা পরামর্শ দেয়, যুক্তরাষ্ট্র তাদের তহবিল দেবে না। জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা পুনরায় জারি করেন।