২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে ট্রাম্প জামাতা কুশনার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও ঊর্ধ্বতন উপদেষ্টা জারেড কুশনার শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ইরাক সফরে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 10:48 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

ইসলামিক স্টেটের বিরুদ্ধে (আইএস) লড়াইয়ের ব্যাপারে মাঠ পর্যায়ের মার্কিন কমান্ডারদের কাছ থেকে প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া এবং ইরাকি কর্মকর্তাদের সঙ্গে দেখা করাই তার এ সফরের উদ্দেশ্য।

মার্কিন নৌবাহিনীর প্রধান এবং মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ  চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডের আমন্ত্রণে মাঠ পর্যায়ে ইরাক পরিস্থিতি দেখতে এ সফরে গেছেন কুশনার। একইসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ইরাক সরকারের প্রতি সমর্থন জানাতেও কুশনার এ সফর করছেন বলে জানিয়েছেন এক মুখপাত্র।

ডানফোর্ডের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন গ্রেগ হিকস বলেছেন, ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় কুশনার আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে ইরাক সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

সোমবার ইরাকে পৌঁছানোর আগে ইরাক সফরের ব্যাপারে সাংবাদিকদের আগেভাগেই কিছু জানাননি কুশনার। হঠাৎ করেই এ সফরে যান তিনি।

ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস এর কাছ থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি মসুল পুনর্দখলের লড়াই চালানোর এ সময়ে কুশনার ইরাক সফর করছেন।

ইরাক সফর শেষে এ সপ্তাহে ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে কুশনারের। কোনওরকম কূটনৈতিক, সরকারি কিংবা সামরিক কাজের অভিজ্ঞতা ছাড়াই ট্রাম্প প্রশাসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।