২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে জলদস্যুরা একটি ভারতীয় কার্গো জাহাজ ছিনতাই করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 09:14 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

বিবিসি জানায়, দুবাই এবং পুন্টল্যান্ডের বোসাসোর মধ্যকার যাত্রাপথে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে একটি এ ধরনের দ্বিতীয় জাহাজ আক্রমণের ঘটনা। গত মাসে জলদস্যুরা মোগাদিসুমুখী একটি ট্যাংকার ছিনতাই করে। ২০১২ সালের পর থেকে সেটিই ছিল সোমালিয়া উপকূলে বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের প্রথম ঘটনা।

এবার ছিনতাই হওয়া আল কাউসার নামক জাহাজটিতে ১১ ক্রু ছিল। তাদেরই এক ক্রু গত শুক্রবার ফোন করে জানায় যে, জাহাজটি ছিনতাই হয়েছে। জাহাজটিতে উঠেছিল ৫ বন্দুকধারী। তবে জাহাজের কাউকে তারা জখম করেনি।

জলদস্যুরা সাধারণত পণের জন্য জাহাজ ছিনতাই করে থাকে। তবে গত পাঁচ বছর ভারত, চিন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নৌবাহিনীর তৎপরতায় সোমালি জলদস্যুদের দৌরাত্ম একেবারেই কমে গিয়েছিল।

কিন্তু এর আগে এডেন উপসাগর এবং আরব সাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সোমালি জলদস্যুদের দাপট অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। ২০১১ সাল ছিল সবচেয়ে খারাপ বছর। ওই  বছর বিভিন্ন দেশের একাধিক জাহাজ অপহরণ করে জলদস্যুরা। তারপর থেকেই নৌসেনারা জলদস্যুদের বিরুদ্ধে সক্রিয় হয় এবং নিয়মিত টহল শুরু করে।

এখন আবারও জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ৫ বছরআগের সেই আতঙ্ক আবার জাগছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।