গোহত্যায় যাবজ্জীবন শাস্তির বিধান গুজরাটে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট গোহত্যা বিরোধী আইন আরও কঠোর করেছে। গরু হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির সংশোধনী আইন পাশ হয়েছে বিধানসভায়।
গরু হত্যার বিরুদ্ধে এটিই ভারতে এযাবতকালের সবচেয়ে কঠিন শাস্তি।
‘গুজরাট প্রাণীরক্ষা আইন’ এর এ সংশোধনীর আওতায় গরু পাচারে জড়িত থাকলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
‘গুজরাট প্রাণীরক্ষা আইনের আগের কিছু সংশোধনী অনুযায়ী, গোহত্যার সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের জেল। এবার সে শাস্তিই বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে।
তাছাড়া, এতদিন আইন অমান্যকারীদের সর্বোচ্চ আর্থিক জরিমানা ছিল ৫০ হাজার রুপি। এবার তা বাড়িয়ে এক লক্ষ রুপি করা হয়েছে।
গুজরাটে গোহত্যা বেআইনি ছিল আগে থেকেই। কড়া শাস্তির ব্যবস্থাও ছিল। কিন্তু গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি গত কয়েক সপ্তাহ ধরে গরু হত্যাকারীদের জন্য আরও কঠোর আইন করার কথা বলে আসছিলেন।
এ মাসেই এক জনসভায় তিনি বলেছিলেন, গরু, গঙ্গা এবং গীতা— এ তিন পবিত্র ধর্মীয় প্রতীক রক্ষায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রতিশ্রুতিবদ্ধ।
