২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যামের মৃতদেহসহ উত্তর কোরিয়ার নাগরিকদের দেশে ফেরত

উত্তর কোরিয়ার নেতাকিম জং উনের সৎ ভাই কিম জং-ন্যামের মৃতদেহ এবং তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক উত্তর কোরিয়ার দুই নাগরিককে মালয়েশীয় কর্তৃপক্ষ দেশে ফেরত পাঠিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Mar 2017, 12:01 PM

Updated : 25 Jul 2022, 08:56 PM

ন্যামের মরদেহ পিয়ংইয়ংয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার নাগরিকের মরদেহসহ খুনের মামলায় সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন উত্তর কোরীয়ও বেইজিং হয়ে উত্তর কোরিয়ায় ফিরে গেছে।

লাশ হস্তান্তরের সঙ্গে সঙ্গে দুই দেশের নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ময়না তদন্ত শেষ হওয়ায় এবং পরিবারের কাছ থেকে পাঠানো চিঠিতে লাশ ফেরত দেওয়ার অনুরোধের প্রেক্ষিতে ন্যামের দেহ খালাস করার কথা জানিয়েছিলেন।

এখন লাশ ফেরত পাঠানোর পর দুই দেশের নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞে উঠে যাওয়ায় পিয়ংইয়ংয়ে আটকা পড়া নয় মালয়েশীয় দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন। শুক্রবার ভোরের দিকে তারা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান।

এর মধ্য দিয়ে ন্যাম হত্যাকাণ্ড নিয়ে দু’দেশের সাত সপ্তাহের কূটনৈতিক বিরোধের অবসান ঘটেছে।

গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে খুন হন কিম জং ন্যাম। মালয়েশিয়ার পুলিশ বলেছে, দুই নারী বিষাক্ত রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট ন্যামের মুখে মাখিয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনায় একজন ইন্দোনেশীয় এবং একজন ভিয়েতনামি নারীকে অভিযুক্ত করা হয়েছে।

উত্তর কোরিয়া কখনও নিহত ব্যক্তিকে কিম জং-ন্যাম বলে স্বীকার করেনি। বরং শুধুমাত্র উত্তর কোরিয়ার কূটনৈতিক পাসপোর্সধারী এক ব্যক্তির মৃত্যুর কথা বলেছে।

পুরনো খবর:

উত্তর কোরিয়াকে ন্যামের দেহ ফিরিয়ে দিচ্ছে মালয়েশিয়া