২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে ন্যামের দেহ ফিরিয়ে দিচ্ছে মালয়েশিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামের ময়না তদন্তের পর লাশ ফিরিয়ে দিচ্ছে মালয়েশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Mar 2017, 08:49 PM

Updated : 11 Apr 2022, 11:17 PM

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ময়না তদন্ত শেষ হওয়ায় এবং পরিবারের কাছ থেকে পাঠানো চিঠিতে লাশ ফেরত দেওয়ার অনুরোধের প্রেক্ষিতে ন্যামের দেহ খালাস করা হয়েছে।

উত্তর কোরিয়ায় ন্যামের পরিবারের কাছেই লাশ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা কেসিএনএ।

সংস্থাটি আরও জানায়, লাশ হস্তান্তরের সঙ্গে সঙ্গে দুই দেশের নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে এবং নিশ্চিত করা হবে তাদের নিরাপত্তা। ফলে পিয়ংইয়ংয়ে আটকা পড়া ৯ মালয়েশীয় দেশে ফিরতে পারবে। উত্তর কোরীয়ওরাও মালয়েশিয়া ত্যাগ করবে। ন্যাম খুন নিয়ে দু’দেশের মধ্যকার সাত সপ্তাহের কূটনৈতিক বিরোধের অবসান ঘটবে এর মধ্য দিয়ে।

গত ১৩ ফেব্রুয়ারিতে কুয়ালালামপুর বিমানবন্দরে খুন হন কিম জং ন্যাম। মালয়েশিয়ার পুলিশ বলেছে, দুই নারী বিষাক্ত রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট ন্যামের মুখে মাখিয়ে তাকে হত্যা করেছে। এ ঘটনায় একজন ইন্দোনেশীয় এবং একজন ভিয়েতনামী নারীকে অভিযুক্ত করা হয়েছে।

উত্তর কোরিয়া কখনও নিহত ব্যক্তিকে কিম বলে স্বীকার করেনি। তাকে শুধুমাত্র একজন উত্তর কোরিয়ার নাগরিক হিসেবেই তারা স্বীকার করেছে এবং পাসপোর্টে তার নাম কিম চোল রয়েছে বলে জানিয়ে আসছে।

কিমের লাশ হস্তান্তর সম্পর্কে উত্তর কোরিয়া বলেছে, তারা মালয়েশিয়ার সঙ্গে তাদের দেশের নাগরিকের লাশ ফেরত পাওয়ার জন্য চুক্তিতে পৌঁছেছে।

মালয়েশিয়ায় হাসপাতালের মর্গে পুলিশ পাহারায় রাখা ছিল ন্যামের দেহ। সেটি খালাস করার পর একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভ্যানটি লাশ নিয়ে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছেছে। সেখান থেকে ফ্লাইটে করে মৃতদেহ উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়া হবে।

ন্যাম খুনের জন্য মালয়েশিয়া সরাসরি উত্তর কোরিয়াকে দোষারোপ না করলেও এর জন্য উত্তর কোরিয়াই দায়ী বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

মালয়েশিয়ার তদন্তকারীরা খুনের ঘটনায় সন্দেহভাজনদেরকে হস্তান্তর করার দাবি জানিয়েছে উত্তর কোরিয়ার কাছে। তিন সন্দেহভাজন মালয়েশিয়ার উত্তর কোরীয় দূতাবাসে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ন্যামের দেহ হস্তান্তরের প্রেক্ষিতে যেসব উত্তর কোরীয় এখন মালয়েশিয়া ছাড়তে পারবে তাদের মধ্যে এ তিনজর আছে কিনা তা ষ্পষ্ট জানা যায়নি।

মালয়েশিয়ার দাবির পাল্টা দাবিতে উত্তর কোরিয়া কিম জং ন্যামের দেহ ফিরিয়ে দেওয়ার কথা বলে এসেছে এবং এ হত্যাকাণ্ডে কোনওভাবে জড়িত থাকার কথা জোর গলায় অস্বীকার করেছে।