ফ্লাইটে ইলেকট্রনিক্সে নিষেধাজ্ঞার সমালোচনায় আইএটিএ
কয়েকটি মুসলিমপ্রধান দেশের বিমানবন্দর থেকে আসা যাত্রীদের বিমানের কেবিনে মোবাইলের চেয়ে বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বহনের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা ‘কার্যকর কোনো ফল দেবে না’ বলে সমালোচনা করেছে আন্তর্জাতিক এয়ারলাইন ব্যবসার শীর্ষ সংগঠন আইএটিএ।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক আলেক্সান্ডার ডি জুনিয়াক বুধবার মন্ট্রিয়েল কাউন্সিল অন ফরেন রিলেশন্সে এক বক্তৃতায় দুই দেশের এই নীতিকে ‘সীমান্তে আরও কড়াকড়ি ও রক্ষণশীল পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন।
উড়োজাহাজে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা চালানোর ঝুঁকি মোকাবেলার কথা বলে গত সপ্তাহেই ফ্লাইটের মূল কেবিনে মোবাইল ফোনের চেয়ে বড় আকারের ইলেক্ট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা দেয় এ দেশ দুটি।
ডি জুনিয়াক বলেন, “তারা যে ঝুঁকি মোকাবেলার চেষ্টায় এই পদক্ষেপ নিয়ে থাকুক না কেন, এটা দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে গ্রহণযোগ্য নয়। এমনকি সাময়িক সময়ের জন্য হলেও এই নিষেধাজ্ঞা কি কাজে আসবে তা বোধগম্য নয়।”
যুক্তরাষ্ট্র বলেছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ১০টি মুসলিম সংখ্যাগুরু সব বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রমুখী যাত্রীরা ট্যাবলেট, পোর্টেবল ডিভিডি প্লেয়ার, ল্যাপটপ, আইপ্যাড ও ক্যামেরার মতো বড় আকারের ইলেকট্রনিক ডিভাইস বিমানের মূল কেবিনে নিতে পারবেন না, সেগুলো ‘চেকড ব্যাগেজে’ দিতে হবে।
একই ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য; মধ্যপ্রাচ্যের ছয় দেশ থেকে আসা ফ্লাইটের মূল কেবিনে ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে দেশটি। ফ্রান্স ও কানাডা বলছে, তারা বিষয়টি পরীক্ষা করে দেখছেন।
যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইলেক্ট্রনিকে ডিভাইসের উপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্র সরবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে দেশটির সন্ত্রাস দমন বিষয়ক এক কর্মকর্তা বিবৃতিতে বলেন, “আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা গেছে, সন্ত্রাসী গোষ্ঠীর বিমান পরিবহন খাতে হামলা চালানোর চেষ্টা খুব বেড়ে গেছে।”
আইএটিএ প্রধান ডি জুনিয়াক বলেন, “এই নিষেধাজ্ঞা মারাত্মক ‘ব্যবসায়িক বিপর্যয়’ সৃষ্টি করেছে। ব্যক্তিগত ইলেকট্রন্কি ডিভাইস থেকে যাত্রীদের বিচ্ছিন্ন না করে কীভাবে নিরাপদে উড্ডয়ন করা যায় সে পথ খুঁজে বের করতে বিমান পরিবহন শিল্পের সঙ্গে কাজ করতে সরকারগুলোর প্রতি আমরা আহ্বান জানাই।”
ডি জুনিয়াকের সমালোচনার বিষয়ে হোয়াইট হাউজও যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১৬ সেন্টিমিটার দৈর্ঘ্য ৯ দশমিক ৩ সেন্টিমিটার প্রস্থ্যের চেয়ে বড় আকারেরর ডিভাইসের ক্ষেত্রে এটি যুক্তরাজ্যের এই নিষধাজ্ঞায় প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার ফলে বিমান পরিবহন ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এতে এয়ারলাইনসগুলোর যাত্রীর সংখ্যা কমে যেতে পারে।
তুরস্ক, মরক্কো, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সউদি আরব ও কুয়েতের এয়ারলাইন্স ব্যবসায় এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে।
এসব দেশ হয়ে প্রতিদিন বিভিন্ন দেশের ৫০টি ফ্লাইট যুক্তরাষ্ট্রে যায়।
