উত্তর কোরিয়ায় ব্যাপক নিষেধাজ্ঞা দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার ওপর বিস্তৃত পরিসরে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে। যার লক্ষ্য হবে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে উত্তর কোরিয়াকে বিচ্ছিন্ন করে ফেলা।
পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলার নানা পদক্ষেপ খতিয়ে দেখার আওতায় এ পদক্ষপটি ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা।
উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর বহুমুখী প্রচেষ্টার অংশ হিসাবে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিশেষ করে উত্তর কোরিয়ার সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসায়িক লেনদেনে জড়িত চীনা ব্যাংক এবং ফার্মগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতাও বাড়াবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।
তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগবাড়িয়ে সামরিক হামলা চালানোর বিকল্পটি এখনও হাতে রাখেনি যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে এশিয়া সফরের সময় এমন হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। কিন্তু এ মুহূর্তে মার্কিন প্রশাসন কম ঝুঁকিপূর্ণ ব্যবস্থা নেওয়াটাকেই অগ্রাধিকার দিচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প কত দ্রুত নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সেটি এখনও পরিস্কার বোঝা যাচ্ছে না। তবে প্রশাসনের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ পদগুলো পূরণে ধীরগতির কারণে এ সিদ্ধান্ত নিতে দেরী হতে পারে বলে মনে করা হচ্ছে।
