নকল হিটলারকে খুঁজছে অস্ট্রীয় কর্তৃপক্ষ
নাৎসী একনায়কের মতো সেই বৈশিষ্ট্যসূচক গোঁফ, চুলের ছাঁট ও পোষাক পরা এক ব্যক্তি এডলফ হিটলারের জন্মস্থানের আশপাশে ‘হিটলার’ সেজে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত শুরু করেছে অস্ট্রীয় কর্তৃপক্ষ।
স্থানীয় এক ব্যক্তি নিজের ফেইসবুক পেইজে ওই ব্যক্তির পাশে দাঁড়ানো একটি ছবি দিয়ে বলেছে, সে দেখতে হিটলারের মতো।
স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত উদ্ধৃতিতে তিনি বলেন, “প্রায়ই বারাউনোতে এই ভদ্রলোককে দেখি আর আশ্চর্য হয়ে ভাবি এর মানে কী।”
১৮৮৯ সালে বারাউনো অ্যাম ইনে হিটলারের জন্ম হয়েছিল, এলাকাটি তখন অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
অস্ট্রিয়ার অভিশংসকরাও এক ব্যক্তির ‘হিটলার’ সেজে ঘুরে বেড়ানোর খবরটি নিশ্চিত করেছেন।
১৮৮৯ সালে বারাউনো অ্যাম ইনের এই বাড়িতে হিটলারের জন্ম হয়েছিল। রয়টার্স
জানা গেছে, স্থানীয় বারগুলোতে তিনি নিজেকে ‘হ্যারল্ড হিটলার’ বলে পরিচয় দিয়েছেন।
হিটলার যে বাড়িতে জন্মেছিলেন তার সামনে দাঁড়ানো ‘হ্যারল্ড হিটলারের’ একটি ছবিও পাওয়া গেছে।
ডিসেম্বরে অস্ট্রীয় পার্লামেন্ট তিনতলা এই বাড়িটি কিনে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। বাড়িটির ব্যবহার নিয়ন্ত্রণ করতে ১৯৭২ সাল থেকে বাড়িটি ভাড়া নিয়ে রেখেছে অস্ট্রীয় সরকার।
অস্ট্রিয়ার আইনানুযায়ী হিটলার বা নাৎসিদের মহামান্বিত করা একটি অপরাধ। ১৯৩৮ সালে নাৎসি জার্মানি অস্ট্রিয়াকে নিজেদের অংশভুক্ত করে নিয়েছিল।
