২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেয়ার স্পিগেলের প্রচ্ছদে ট্রাম্পের কার্টুন নিয়ে বিতর্ক

স্বাধীনতা ও অভিবাসীদের রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতীক স্ট‌্যাচু অব লিবার্টির শিরশ্ছেদ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রচ্ছদে এমন একটি কার্টুন প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছে জার্মানির প্রভাবশালী সাপ্তাহিক সংবাদ সাময়িকী ডেয়ার স্পিগেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 01:42 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

বিবিসি জানিয়েছে, কিছু জার্মান সংবাদপত্র কার্টুনটির সমালোচনা করেছে, অপরদিকে ইউরোপীয় পার্লামেন্টের জার্মান ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রাফ ল‌্যাম্বসডর্ফ কার্টুনটিকে ‘রুচিহীন’ আখ‌্যায়িত করেছেন।

কার্টুনিস্ট এডেল রদ্রিগুয়েজ জানিয়েছেন, “কার্টুনটি গণতন্ত্রের শিরশ্ছেদের বিষয়টি তুলে ধরেছে।”

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর জার্মানি- যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। শরণার্থী ও অভিবাসীদের বিষয়ে জার্মান চ‌্যান্সেলর অ‌্যাঙ্গেলা মের্কেলের নেওয়া নীতিকে ‘সর্বনাশা ভুল’ বলে সমালোচনা করেন ট্রাম্প।

২০১৫ সালের ডিসেম্বরে নিউ ইয়র্ক ডেইলি নিউজও তাদের প্রথম পৃষ্ঠায় প্রায় একই ধরনের একটি ছবি ছেপেছিল, ওই ছবিতেও ট্রাম্প স্ট‌্যাচু অব লিবার্টির শিরশ্ছেদ করছেন এমনটি দেখানো হয়েছিল; তবে তা কম রক্তাক্ত ছিল।

এর প্রতিক্রিয়ায় জার্মান ট‌্যাবলয়েড বিল্ড ‘আইএসের জিহাদি জনের সঙ্গে ট্রাম্পের তুলনা করা যায় কিনা’ প্রশ্ন তুলে প্রতিবেদন করেছে। প্রতিবেদনে ডেয়ার স্পিগেল আগে মার্কিন-বিরোধী ছিল বলে অভিযোগ করেছে তারা।

“স্পিগেল যে প্রচ্ছদ করেছে তা ট্রাম্প যা চায় ঠিক তাই হয়েছে। তার বিকৃত ছবি প্রকাশ করে তাকে সংবাদপত্রের বিকৃত ভাবমূর্তি প্রকাশ করার সুযোগ করে দিয়েছে,” লিখেছে আরেকটি জার্মান সংবাদপত্র।

এই কার্টুনের কারণে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া চেয়ে ‘সাংবাদিকতাই ক্ষতিগ্রস্ত’ হবে বলে মন্তব‌্য করেছে অপর আরেকটি সংবাদপত্র।  

কার্টুনিস্ট রদ্রিগুয়েজ কিউবা থেকে রাজনৈতিক শরণার্থী হিসেবে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ওয়াশিংটন পোস্টকে তিনি জানিয়েছেন, ইসলামিক স্টেট ও ডোনাল্ড ট্রাম্পের মধ‌্যে একটি তুলনা দাঁড় করাতে চেয়েছেন তিনি, কারণ ‘তারা উভয়েই চরমপন্থি’।