ফের ক্ষেপণাস্ত্র, রাডার পদ্ধতি পরীক্ষার প্রস্তুতি ইরানের
সাম্প্রতিক এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের একদিন পরই ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম পরীক্ষার জন্য সামরিক মহড়া শুরু করেছে ইরান।
শনিবার সেমনান প্রদেশে শুরু হওয়া এই সামরিক মহড়া ‘নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া’ ও ‘ইরানের বিপ্লবের শক্তি প্রদর্শন’ উদ্দেশ্যে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে দেশটির বিপ্লবী রক্ষীদল।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র পদ্ধতি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং সাইবার যুদ্ধবিগ্রহের পদ্ধতিগুলো মহড়ায় পরীক্ষা করা হবে।
মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচীর অধিকারী ইরান। ডিসেম্বরেও দেশটি রাডার, ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ইউনিট এবং স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতিরক্ষা মহড়ার আয়োজন করেছিল।
তারা নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে বুধবার নিশ্চিত করেছে তেহরান। তবে এই পরীক্ষায় বিশ্ব শক্তিগুলোর সঙ্গে করা নিউক্লিয়ার চুক্তি লঙ্ঘিত হয়নি বলে দাবি করেছে।
এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচীর সঙ্গে সম্পর্কিত ১৩ ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতার জন্য’ ইরানের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।
এরই মধ্যে ইরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস শনিবার জানিয়েছেন, এই মূহুর্তে ইরানের ‘অসদাচরণের’ জবাব দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর সংখ্যা বাড়ানোর কথা বিবেচনা করছেন না তিনি। তবে বিশ্ব সম্প্রদায় ইরানি তৎপরতা অগ্রাহ্য করবে না বলেও সতর্ক করেছেন।
২০১৫ সালে নিউক্লিয়ার চুক্তির পর থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। কিন্তু সর্বশেষ পরীক্ষাটি ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর প্রথম পরীক্ষা। নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচী বন্ধ করবেন।
