ট্রাম্পের বিচারক মনোনয়নের বিরোধিতায় ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশ নিয়ে তোলপাড়ের মধ্যে তার বিচারক মনোনয়ন নিয়েও প্রতিবাদ হচ্ছে।
সুপ্রিম কোর্টের শূণ্য পদে কলোরাডোর ফেডারেল আপিল আদালতের বিচারক নিল গর্সেচকে মনোনীত করে ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন ট্রাম্প।
সিনেটে অনুমোদন পেলে গর্সেচের নিয়োগ চূড়ান্ত হবে। আর এর মধ্য দিয়ে মৃত বিচারক আন্তোনিন স্কালিয়ার শূণ্য পদ পূরণ হবে।
মঙ্গলবার হোয়াইট হাউসের ইস্ট রুমে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প গর্সেচের মনোনয়নের কথা ঘোষণা করেন। এ সময় ট্রাম্প বলেন, “বিচারক গর্সেচ চমৎকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তার আইনি দক্ষতা অসাধারণ।”
কিন্ত নেতৃস্থানীয় ডেমোক্র্যাট নেতারা এ মনোনয়নের তীব্র বিরোধিতা করেছেন।
সিনেট ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার বলেছেন, ট্রাম্পের মনোনীত প্রার্থী একজন বলিষ্ঠ এবং নিরপেক্ষ বিচারক হতে পারবেন কিনা সে ব্যাপারে তার সন্দেহ আছে।
গর্সেচের মনোনয়ন নিয়ে দীর্ঘ বিতর্কের অবতারণা করে সিনেটে চূড়ান্ত ভোট আটকে দেওয়ার পরিকল্পনা করারও ইঙ্গিত দিয়েছেন শুমার। আর এমন হলে মনোনীত প্রার্থীর সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটের পরিবর্তে ৬০ ভোটের দরকার পড়বে।
সেক্ষেত্রে ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত করতে হলে রিপাবলিকানদেরকে সিনেটের নিয়ম বদলাতে হতে পারে।
গত বছর প্রেসিডেন্ট বারাক ওবামার বিচারক মনোনয়নের বিরোধিতা করে সেটি রুখে দিয়েছিল রিপাবলিকানরা। এবার ট্রাম্পের মনোনয়নের ক্ষেত্রেও ডেমোক্র্যাট সিনেটররা একই পথেই হাঁটছে।
গর্ভপাত থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মতো যুক্তরাষ্ট্রের খুব স্পর্শকাতর বিষয়গুলোর অধিকাংশের ব্যাপারেই সুপ্রিম কোর্টের কথাই শেষ কথা। তাই সুপ্রিম কোর্টের শূন্য পদে এ মনোনয়ন খুব গুরুত্বপূর্ণ।
ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন বিচারক পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলোর পক্ষপাতিত্ব করেন বলে অভিযোগ করেন।
ধর্মীয় কারণবশত স্বাস্থ্যবীমার আওতায় জন্মনিয়ন্ত্রণের একটি প্রকল্পে অর্থায়নের বিরোধিতা করা ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের পক্ষ নিয়ে গর্সেচ দুটো আপিল কোর্ট রুলিং দিয়েছেন বলেও অভিযোগ আছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসিও প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারক মনোনয়নকে ‘খুবই বৈরি’ এবং ‘খারাপ সিদ্ধান্ত’ বলে বর্ণনা করেছেন।
সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স ট্রাম্পের মনোনীত প্রার্থীর নারী অধিকার বিরোধিতা, ব্যবসায়ীদের পক্ষ নেওয়ার মত বিষয়গুলোর ব্যাখ্যা দাবি করেছেন।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ২১ জন পছন্দের বিচারকের যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিলেন তার মধ্য থেকেই গর্সেচকে বেছে নিয়েছেন।
ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে তার এই মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে।
