পশ্চিম তীরে আরো ৩০০০ বাড়ি বানানোর ঘোষণা ইসরায়েলের
অধিকৃত পশ্চিম তীরে আরো তিন হাজার নতুন বাড়ি বানানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরায়েল।
মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক এলাকার চাহিদা মেটাতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরবর্তী ১১ দিনে এ নিয়ে ফিলিস্তিনের অধিকৃত এলাকায় নতুন বসতি নির্মাণের তৃতীয় ঘোষণা দিলো ইসরায়েল। ইসরায়েলের এ ধরনের প্রকল্পের বিষয়ে পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে আরো বেশি নমনীয় থাকবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প।
এর আগে পশ্চিম তীরের আমোনা চৌকি এলাকার ৩৩০ জন বসতি স্থাপনকারীকে ৮ ফেব্রুয়ারির মধ্যে উচ্ছেদের নির্দেশ দেয় ইসরায়েলি সুপ্রিম কোর্ট। এসব বসতি স্থাপনকারী ব্যক্তিগত মালিকানাধীন ফিলিস্তিনিদের ভূমিতে অবৈধভাবে বসতি নির্মাণ করেছে বলে রুল জারি করে আদালত।
ওই বসতি স্থাপনকারীদের উচ্ছেদের প্রস্তুতি নেওয়ার সময় মঙ্গলবার প্রায় মধ্যরাতে নতুন বসতি নির্মাণের ঘোষণাটি আসে।
১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে তারা অধিকৃত এলাকায় বসতি নির্মাণ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ট্রাম্পের শীর্ষ মুখপাত্র।
অধিকৃত এলাকায় ইসরায়েলের নতুন বসতি নির্মাণ পরিকল্পনাগুলোর বিষয়ে নিরব থেকে হোয়াইট হাউস বুঝিয়ে দিয়েছে তারা এ বিষয়ে ওবামা প্রশাসনের নীতি থেকে সরে এসেছে। ওবামার সহযোগীরা নিয়মিতভাবে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার সমালোচনা করতেন।
এক সপ্তাহ আগে অধিকৃত পশ্চিম তীরে আড়াই হাজার নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর দুইদিন আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে ৫৬০টি নতুন বাড়ি নির্মাণের বিষয়টি অনুমোদন করেছে দেশটির কর্তৃপক্ষ।
