স্তন্যপান করান কিনা, বিমানবন্দরে পরীক্ষা দিলেন মা!
সন্তানকে বুকের দুধ পান করান কিনা তা বিমানবন্দরেই পরীক্ষা দিয়ে প্রমাণ করতে বলা হয়েছে জানিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সিঙ্গাপুরের ভারতীয়-বংশোদ্ভূত এক নারী গায়ত্রী বোস।
বিবিসি’কে গায়ত্রী বলেন, বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের কাছে তাকে স্তন টিপে প্রমাণ করতে হয়েছে যে তিনি সন্তানকে স্তন্যপান করান। এতে তিনি ‘অপমানিত বোধ’ করেছেন।
সেখান থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসগামী একটি বিমানে উঠার কথা ছিল গায়ত্রীর।
ঘটনার বর্ণনায় ৩৩ বছর বয়সী গায়ত্রী বলেন, “আমার হাত ব্যাগে একটি ‘ব্রেস্ট পাম্প’ ছিল। যদিও আমার সন্তান আমার সঙ্গে ছিল না। ফলে বিমানবন্দর পুলিশ আমাকে সন্দেহ করে।”
“ব্যাগটি এক্স-রে মেশিনের ভেতর দিয়ে যাওয়ার সময় তারা সেটি দেখতে পায় এবং আমাকে জিজ্ঞাসাবাদের জন্য লাইন থেকে বাইরে নিয়ে যায়। তারা সন্দেহের স্বরে আমাকে জিজ্ঞাসা করে, আপনি দুগ্ধবতী? তাহলে আপনার সন্তান কোথায়? আপনার সন্তান কি সিঙ্গাপুরে?”
তার ব্যাগে থাকা যন্ত্রটি যে একটি ‘ব্রেস্ট পাম্প’ তা নিরাপত্তাকর্মীদের তিনি কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিলেন না।
“তারা আমার পাসপোর্ট রেখে দেয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য একজন নারী পুলিশ কর্মকর্তা আমাকে একটি কক্ষে নিয়ে যান। সেখানেই আমি দুগ্ধবতী কি না, তার প্রমাণ দিতে বলা হয়।”
“ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে পড়েছিলাম। কী ঘটছে আমি বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম, যদি তারা আমাকে ঝামেলায় ফেলার সিদ্ধান্ত নেয় তবে আমি কী করব?”
“এক সময় আমাকে ওই কক্ষ থেকে বাইরে নিয়ে আসা হল। তখন আমি ধীরে ধীরে আমার সঙ্গে এই মাত্র কী ঘটনা ঘটে গেছে সেটা অনুভব করতে লাগলাম। আমি কাঁদতে শুরু করলাম, আমি ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম।”
এরপর ‘ব্রেস্ট পাম্পটি’ পরীক্ষা করে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার হলে গন্তব্যে রওনা হন ভারতীয় এই নারী।
বিবিসি’কে তিনি বলেন, প্রায় ৪৫ মিনিট ধরে তার সঙ্গে এ ঘটনা ঘটে এবং এতে তিনি ‘অপমানিত’ হন এবং ‘খুবই আঘাত’ পান।
“যখন তারা শেষ পর্যন্ত আমাকে সবকিছু থেকে মুক্তি দিল; আমি তাদের বললাম, একজনের সঙ্গে এ ধরনের ব্যবহার করা উচিত না। এইমাত্র আমার সঙ্গে আপনারা যা করলেন সেটা কী আপনারা বুঝতে পেরেছেন।”
“জবাবে ওই পুলিশ কর্মকর্তা শুধু বলেন ‘ঠিক আছে, এটা এখন শেষ এবং দয়া করে যান’। তিনি ছিলেন নিস্পৃহ এবং তার মধ্যে আমার জন্য কোনও সহানুভূতি ছিল না।”
এ বিষয়ে জানতে বিবিসি’র পক্ষ থেকে জার্মান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সুনির্দিষ্ট কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
তবে বলে, তল্লাশির নিয়মিত প্রক্রিয়ায় এ বিষয়ে ‘স্পষ্ট’ করে কিছু বলা হয়নি।
তিন বছর ও সাত মাস বয়সী দুই শিশুর মা গায়ত্রী একটি ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপক।
