ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে
সাত মুসলিম প্রধান দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করে বিরূপ রাজনৈতিক প্রতিক্রিয়ার মুখে পড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
আমেরিকানদেরকে সন্ত্রাস থেকে সুরক্ষা দেওয়ার কথা বলে ট্রাম্প ওই আদেশ জারি করেন। কিন্তু তার এ পদক্ষেপকে বৈষম্যমূলক এবং বিভেদ সৃষ্টিকারী বলে এর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদেশগেুলোসহ আরও কয়েকটি দেশ।
লন্ডন থেকে শুরু করে বার্লিন, জাকার্তা এবং তেহরান সরকারও ট্রাম্পের চারমাসের জন্য শরণার্থী নিষিদ্ধ করা এবং ৭ দেশ থেকে নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করার আদেশের বিরুদ্ধে কথা বলেছে।
ট্রাম্প দায়িত্ব গ্রহণের মাত্র দ্বিতীয় সপ্তাহেই রাস্তায় রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তার আদেশকে চ্যালেঞ্জ করে আদালতে মামলার সংখ্যা বাড়ছে এবং নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও বিভেদ তৈরি হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।
রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে নিজের সিদ্ধান্তকে সমর্থন করে কথা বলেছেন ট্রাম্প। পাশাপাশি এই সিদ্ধান্তের বিরোধিতা করা দুই রিপাবলিকান সিনেটর এবং গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন তিনি।
বিবৃতিতে ট্রাম্প বলেছেন, “আমেরিকা সবসময়ই মুক্ত মানুষের দেশ এবং সাহসীদের ঠিকানা। এটিকে মুক্ত ও নিরাপদ রাখতে হবে, গণমাধ্যমও তা জানে, কিন্তু বলছে না।
“স্পষ্টত এটি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা নয়, মিথ্যা প্রতিবেদনগুলোতে গণমাধ্যম যা বলছে তা নয়। এটি ধর্মের বিষয়ও নয়- এটি সন্ত্রাসের এবং আমাদের দেশকে নিরাপদ রাখার বিষয়।”
কিন্তু এ সাফাই দিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ আর নিন্দার ঝড় থামাতে পারেননি ট্রাম্প।
বিশ্বজুড়ে বিরূপ প্রতিক্রিয়া
শরণার্থী আশ্রয় দেওয়ায় উদার নীতি নেওয়া জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, ট্রাম্পের এ পদক্ষেপ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কোনও অজুহাত হতে পারে না। তাছাড়া, নির্দিষ্ট কোনও পরিবেশের বা ধর্মের কোনও মানুষকে ঢালাওভাবে সন্দেহের চোখে দেখারও কোনও মানে হয় না।
মের্কেলের মত একই অনুভূতি প্রকাশ করেছে ফ্রান্স এবং লন্ডনও। তারা বলেছে, সন্ত্রাসের কোনও স্থান, কাল, পাত্র নেই। এর জবাবে বৈষম্যমূলক আচরণ কাম্য নয়।
আরব লিগ এবং সৌদি আরব, মিশর ও জর্ডানের মত যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও ট্রাম্পের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে বলেছে, তার এই কড়াকড়ি অন্যায়।
ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় পড়া ইরাক সরকার সরাসরি তার আদেশের ব্যাপারে কোনও মন্তব্য না করলেও বাগদাদে পার্লামেন্টের বেশ কিছু সদস্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে।
বাগদাদের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর বলেছেন, ট্রাম্পের আদেশের পাল্টা জবাবে আমেরিকান নাগরিকদেরও ইরাক ত্যাগ করা উচিত। ইরাকের মত ইরানও ট্রাম্পের পদক্ষেপের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।
রিপাবলিকানদের মধ্যে বিরোধ
রিপাবলিকান দলীয় অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইন এবং সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার সকালে দেওয়া যৌথ এক বিবৃতিতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের পায়ে কুড়াল মারার সামিল’ বলে উল্লেখ করেছেন।
তারা বলেছেন, “উদ্দেশ্য যাই হোক না কেন, এই নির্বাহী আদেশ একটি ইঙ্গিত দিচ্ছে, তা হল, মুসলিমরা আমাদের দেশে আসুক আমেরিকা তা চায় না। এ কারণেই আমরা আশঙ্কা করছি এই নির্বাহী আদেশ আমাদের নিরাপত্তা বাড়ানোর চেয়ে বরং উল্টো সন্ত্রাস আরও বাড়িয়ে দিতে পারে।”
এর প্রতিক্রিয়ায় দুটি টুইটে এই দুই সিনেটরের নিন্দা জানিয়েছেন ট্রাম্প।
“সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহামের যৌথ বিবৃতিটি ভুল- অভিবাসনের বিষয়ে তারা দুঃখজনকভাবে দুর্বল। সবসময় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর চেষ্টা না করে এই দুই সিনেটরের উচিত আইএসআইএস, অবৈধ অভিবাসী ও সীমান্ত নিরাপত্তার দিকে নজর দেওয়া।”
কিন্তু ম্যাককেইন ও গ্রাহামের সমালোচনা করলেও অন্যান্য রিপাবলিকানরাও ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন।
টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি উয়িল হার্ড ট্রাম্পের নির্বাহী আদেশটিকে ‘অবিশ্বাসের চূড়ান্ত প্রদর্শনী’ বলে অভিহিত করেছেন। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান বব কোরকার এই আদেশকে গ্রিন কার্ডধারীদের বিষয় বিবেচনায় ‘দুর্বলভাবে সম্পাদিত’ বলে মন্তব্য করেছেন।
ওহাইওর রিপাবলিকান সিনেটর রব পোর্টম্যানও এ নির্বাহী আদেশের সমালোচনা করেছেন।
আইনি লড়াই বাড়ছে
ইতোমধ্যেই নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারক অভিবাসী বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের একটি অংশের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন। রুল জারি করে তিনি বলেছেন, নির্বাহী আদেশ জারি হওয়ার পর মুসলিক প্রধান সাতটি দেশের যে ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন, কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠাতে পারবে না।
এছাড়া অন্যান্য বিচারকরাও ট্রম্পের এ আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন।
এক যৌথ বিবৃতিতে ১৬ জন ডেমোক্রেট অ্যাটর্নি জেনারেল ট্রাম্পের নির্বাহী আদেশটিকে ‘অসাংবিধানিক, অ-আমেরিকান ও বেআইনি’ বলে অভিহিত করে এর বিরুদ্ধে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরে বিক্ষোভ
ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতা করে শত শত বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে জড়ো হয়েছে। তারা ট্রাম্প বিরোধী শ্লোগান দিচ্ছে এবং আন্তর্জাতিক যাত্রীদের স্বাগত জানানো ফেস্টুন বহন করছে।
প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের পর দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনেও ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। বিমানবন্দরগুলোর পাশাপাশি রাস্তায় বিক্ষোভ হয়েছে।
রোববার বিকেলে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ করেছে বহু লোক। পাশাপাশি বোস্টনের কোপলি স্কয়ার, ম্যানহ্যাটনের ব্যাটারি পার্কেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে।
বিমানবন্দরগুলোর মধ্যে আটলান্টা, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন এবং ডালাসের বিমানবন্দরগুলোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। আরও বিভিন্ন বিমানবন্দরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।
