২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে চিড়িয়াখানায় বাঘের আক্রমণে দর্শণার্থীর মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় একটি চিড়িয়াখানায় বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে এক দর্শণার্থী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:57 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ওই ব্যক্তি বাঘের বিচরণ এলাকায় ঢুকে পড়লে বাঘটি তার ওপর হামলে পড়ে। বাঘের কামড় ও থাবায় লোকটির মৃত্যু হয়। 

ঘটনার পরপরই গুলি করে বাঘটিকে মেরে ফেলা হয়। রোববার নিংবো শহরের ইয়ংগর চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

বাঘের মুখ থেকে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই দর্শণার্থী টিকিট কাটা এড়াতে চিড়িয়াখানার দেয়াল বেয়ে উপরে উঠেছিলেন এবং ঘটনাচক্রে তিনি বাঘের বিচরণ এলাকার ভেতরে পড়ে যান বলে এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তানরা চিড়িয়াখানায় ছিলেন।

ঘটনার পর চিড়িয়াখানায় দর্শণার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ থাকবে।

লোকটির বাঘের আক্রমণের মুখে পড়ার দৃশ্য উপস্থিত দর্শণার্থীরা দেখেছেন। কেউ কেউ হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন।

এতে নীল রঙের পোশাক ও কাল ট্রাউজার পরা এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। লোকটির ঘাড়ে একটি বাঘের মুখ ছিল। এ সময় আরো দুটি বাঘ লোকটিকে ঘিরে ঘুরছিল। বাঘের গর্জন ও লোকটির আর্তচিৎকার শোনা যাচ্ছিল।

বাঘগুলো সরিয়ে দিতে বিস্ফোরণ ঘটায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে দুটি বাঘ সরে গেলেও আরেকটি বাঘ কামড়ের পর কামড় দিয়ে যাচ্ছিল।

হামলার শিকার লোকটির নাম ঝাং বলে জানানো হয়েছে খবরে।

বাঘের বিচরণ এলাকার চারপাশে প্রাচীরের সঙ্গে সতর্কতামূলক বার্তা দেওয়া থাকার পরও ঝ্যাংয়ের প্রাচীরে ওঠা নিয়ে সমালোচনা হচ্ছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝ্যাং নয়, বরং বাঘের জন্যই বেশি সমবেদনা জানাচ্ছে মানুষ।