২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী যুদ্ধ বন্ধ করছে ফিলিপিন্স

ফিলিপিন্সে পুলিশ বাহিনী দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত দেশটিতে বিতর্কিত মাদক বিরোধী অভিযান বন্ধ রাখবে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 06:12 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তেও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মত দেওয়ার পর পুলিশ এ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোসা সোমবার বলেছেন, মাদক-বিরোধী ইউনিটগুলো ভেঙে দেওয়া হবে।

পুলিশ সদরদপ্তরে এক দক্ষিণ কোরীয় ব্যবসায়ী খুন হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদক-বিরোধী পুলিশ ওই ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা করে।

ফিলিপিন্সে মাদক বিরোধী অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি  মানুষ নিহত হয়েছে।

নিহতের এ সংখ্যা এবং প্রেসিডেন্ট দুতের্তের কঠোর পদক্ষেপ মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছ থেকেও সমালোচনার শিকার হয়েছে। যদিও দেশের ভেতরে এ অভিযানে ফিলিপিনোদের সমর্থন পেয়েছেন দুতের্তে।

সোমবার ফিলিপিন্সের পুলিশ প্রধান রোসা বলেন, “দুতের্তে আমাদেরকে বলেছেন, পুলিশ বাহিনী আগে দুর্নীতিমুক্ত করতে। আমরা আগে নিজেরা পরিশুদ্ধ হই... তারপর হয়ত আমরা আবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারব।”