সিরিয়া-ইয়েমেনে নিরাপদ অঞ্চল তৈরিতে রাজি সৌদি: হোয়াইট হাউজ
সৌদি আরবের বাদশাহ সালমান যুদ্ধবিক্ষুব্ধ সিরিয়া ও ইয়েমেনে নিরাপদ অঞ্চল নির্মাণে সহায়তা করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার টেলিফোনে বাদশাহ সালমানের সঙ্গে কথা বলেন।
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই ফোনালাপের পর হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে উভয় নেতার মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই জোরদার করার পাশাপাশি সিরিয়া ও ইয়েমেন নিয়ে আলাপ হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্টের অনুরোধে বাদশাহ সালমান সিরিয়া ও ইয়েমেনে নিরাপদ অঞ্চল নির্মাণে সহায়তা করতে রাজি হয়েছেন। যুদ্ধের কারণে গৃহহীন হয়ে পড়া ওই দুই দেশের শরণার্থীদের সাহায্যে যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু পরিকল্পনারও সমর্থন দিয়েছে সৌদি আরব।”
যদিও সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) তাৎক্ষণিকভাবে নিরাপদ অঞ্চল তৈরিতে সহায়তার বিষয়ে কিছু বলা হয়নি।
সেখানে বলা হয়, দুই নেতা উভয় দেশের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক আরও গভীর ও স্থায়ী করার’ বিষয়ে পরষ্পরকে প্রতিশ্রুতি দিয়েছেন।
সংবাদ সংস্থাটির পরবর্তী খবরে বলা হয়, “সৌদি বাদশাহ সিরিয়ায় নিরাপদ অঞ্চল স্থাপণে তার সমর্থন ও সহায়তা নিশ্চিত করেছেন।”
তবে সেখানে ইয়েমেনের বিষয়ে কিছু বলা হয়নি। ইয়েমেনের বিদ্রোহী ইরানপন্থি হুতিদের বিপক্ষে লড়াইয়ে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ইয়েমেন সরকারের হয়ে যুদ্ধ করছে।
‘মধ্যপ্রাচ্যে ইরানের উস্কানিমূলক আচরণ নিয়ন্ত্রণের’ প্রয়োজনীয়তার বিষয়েও ট্রাম্প-সালমান একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
এসপিএ-র পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, মুসলিম ব্রাদারহুড নিয়েও ট্রাম্প-সালমানের সঙ্গে কথা হয়েছে।
মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রও মুসলিম ব্রাদারহুডকে তালিকাভুক্ত করবে কিনা সেটা নিয়ে তর্ক-বিতর্ক চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
এদিন আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও ফোনে কথা বলেছেন ট্রাম্প।
