শরণার্থী নীতির ভুল স্বীকার করলেন জার্মান অর্থমন্ত্রী
শরণার্থীদের অবাধে প্রবেশ করতে দেওয়ার নীতি ভুল ছিল এবং জার্মানি এ ভুল থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী ওলফগ্যাং শোয়েবলে।
স্থানীয় একটি পত্রিকাকে তিনি বলেন, “২০১৫ সাল থেকে যা কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে আমরা সেগুলো মেরামতের চেষ্টা করছি। আমরা রাজনীতিবীদরাও মানুষ; আমরাও ভুল করি। কিন্তু কেউ না কেউ অন্তত ভুল থেকে শিক্ষা নিতে পারে।”
তবে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প শরণার্থীদের নিয়ে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন ওলফগ্যাং তার সমালোচনা করেছেন এবং এতে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শোয়েবলে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর সদস্য।
গত প্রায় দুই বছরে জার্মানিতে ১০ লাখের বেশি শরণার্থী প্রবেশ করেছে। তারপর থেকে দেশেটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে যেগুলোর পেছনের শরণার্থীরা জড়িত ছিল।
শরণার্থী সংকট নিয়ে মেরকেলের জোট সরকার শরীক অ্যান্টি-ইমিগ্রান্ট অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) এর সমর্থন হারিয়েছে। তারপরও মের্কেল এ নীতিকে পুরোপুরি ভুল বলে স্বীকার করেননি।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে শরণার্থীদের জন্য জার্মানির খোলা দ্বার নীতিকে ‘সর্বনাশা ভুল’ বলে মন্তব্য করার পরও এর কড়া জবাব দিয়েছিলেন মের্কেল।
তবে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নেও বিভেদ আছে।
জার্মান অর্থমন্ত্রী শোয়েবলে বলেন, “সামাজিক সুবিধা বিবেচনা করলে ইউরোপের বেশিরভাগ দেশের তুলনায় আমাদের মান অনেক ভালো। যে কারণে অনেক বেশি শরণার্থী জার্মানিতে আসতে চায়।”
ওদিকে, শরণার্থী নিয়ে ট্রাম্পের কৌশল সম্পর্কে শোয়েবলে বলেন, “আমেরিকায় ট্রাম্প কী করেন আমরা এখন তা দেখতে পাব, যদিও তিনি সবকিছু খুব দ্রুত করছেন। যার ফল খুব ভালো হবে বলে আমার মনে হয় না।”
