২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোপে পড়ে ট্রাম্পের শরণার্থী নীতির সমালোচনায় মে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নিষিদ্ধের পদক্ষেপের বিরুদ্ধে অবিলম্বে প্রতিক্রিয়া না জানানো নিয়ে নিজ দলের আইনপ্রণেতাদের তোপে পড়ে এর সমালোচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 09:02 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার সঙ্গে ‘একমত নন’।

কিন্তু এর আগে প্রাথমিক প্রতিক্রিয়ায় মে বলেছিলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ব্যাপার’।

মে’র এ প্রতিক্রিয়ার সমালোচনা করে লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্রারন বলেন, তার আরও আগেই ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতা করা উচিত ছিল। ওদিকে, স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা অ্যালেক্স মে’র এ আচরণ ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন।

কনজারভেটিভ দলের এমপি হেইদি অ্যালেন টুইটারে সরাসরি মে’র কে  ইঙ্গিত করে বলেন, “শক্তিশালী নেতৃত্বের অর্থ  এই নয় যে, নিজের চেয়ে শক্তিশালী কাউকে একথা বলেতে ভয় পাওয়া যে সে ভুল করছে। এ দেশ টেরিজা মের জন্য গর্বিত- এ বিশ্বাস প্রচলিত আছে।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শরণার্থী বিষয়ক নির্বাহী আদেশ সই করার আগে শুক্রবার ওয়াশিংটন ভ্রমণ করেন টেরিজা মে। এরপর তিনি তুরস্ক সফরে ছিলেন। ওই সফরে থাকার সময়ই ট্রাম্প ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন থেকে আগামী ৯০ দিন যে কারও যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার আদেশ দেন। মে তখন সঙ্গে সঙ্গে এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

পরে যুক্তরাজ্য ফিরে গিয়ে রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়ে এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেন মে।

ডাউন স্ট্রিটের পক্ষ থেকে শনিবার সন্ধ্যার পর এক বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কী হবে সেটা যেমন সে দেশের সরকারের বিবেচনার বিষয়, ঠিক একই ভাবে আমাদের দেশে অভিবাসন নীতি কী হবে সেটা নির্ধারণ করার ভার আমাদের সরকার উপরই ছেড়ে দেওয়া উচিত।”

“যদিও আমরা এ ধরনের উদ্যোগের সঙ্গে একমত নই এবং আমরা এ ধরনের কোনও ব্যবস্থা গ্রহণ করব না।”

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে শুক্রবার ট্রাম্পের সাক্ষরিত আদেশের ফলে আগামী চার মাসও আর কোনও শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে না। সিরীয় শরণার্থীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

দ্বৈত-নাগরিক এবং গ্রিনকার্ড হোল্ডাররাও (যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি) এই আদেশের আওতায় বলে জানিয়েছে দেশটির হোমল‌্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।

ট্রাম্পের ওই আদেশের পরপরই বৈধ ভিসা থাকার পরও বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে উপরের সাত দেশের নাগরিকদের আটকে দেওয়া শুরু হয়।

এমনকি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরও ওই সব দেশের নাগরিকদের বিমানবন্দর থেকে বের হতে বাধা দেওয়া হয়।

ট্রাম্পের এই আদেশের তীব্র সমালোচনার পাশাপাশি অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে।

পরে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) করা এক আবেদনের ভিত্তিতে শনিবার নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগে স্থগিতাদেশ দেয়।

যুক্তরাঝ্রের কনজারভেটি দলের এক এমপি নাদিম জাহাউই জানিয়েছেন, তিনিও ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় পড়ে গেছেন। কারণ তিনি ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেছেন।

“আমি একজন ব্রিটিশ নাগরিক এবং আমাকে এই দেশে স্বাগত জানানোয় আমি গর্বিত। তবে আমার জন্মভূমির কারণে আমি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ এটা শোনা আমার জন্য বেদনাদায়ক।”

যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফর শেষে শনিবারই দেশে ফিরেছেন মে। তার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন যে নির্বাহী আদেশ দিয়েছেন তার অর্থ কী এবং এর আইনি প্রভাব কেমন হবে আমরা সেটি পর্যবেক্ষণ করছি। এই পরিস্থিতিতে বিশেষ করে যুক্তরাজ্যের নাগরিকদের উপর কী প্রভাব পড়ে আমরা সেটাও লক্ষ্য করছি।”

“যদি যুক্তরাজ্যের নাগরিকদের উপর এর কোনো প্রভাব পড়ে তবে আমরা বিষয়টি নিয়ে পরিষ্কার ভাবে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে কথা বলব।”