২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্ক মেরামত, সিরিয়া নিয়ে সহযোগিতায় রাজি ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক নতুন করে গড়ে তোলা এবং সিরিয়া নিয়ে সহায়তা করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার দু’নেতার মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Jan 2017, 07:01 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার প্রথম এ ফোনালাপ ‘ইতিবাচক এবং গঠনমূলকই’ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

বলা হয়েছে, উভয় নেতা ইসলামিক স্টেটসহ (আইএস)  সিরিয়ার ‘অন্যান্য জঙ্গি দল’  এবং ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে’ একজোট হয়ে লড়াই করতে একমত হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে অবনতি হয়েছিল তা আবারও মেরামত করার আগ্রহ ষ্পষ্ট করেই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওদিকে, পুতিনও সম্পর্ক মেরামতে আগ্রহ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইতিবাচক এই ফোনকলটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক মেরামতের পথে একটি উল্লেখযোগ্য সূচনা।

শনিবার পুতিনকে ফোন করেন ট্রাম্প। এদিন তিনি জাপান, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

ইংরেজি ভাষায় ক্রেমলিন থেকে দেওয়া বিবৃতিতে পুতি-ট্রাম্পের ফোনালাপ সম্পর্কে বলা হয়, দুই নেতার মধ্যে-

·        সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ

·        মধ্যপ্রাচ্য এবং আরব-ইসরায়েল যুদ্ধ

·        কৌশলগত স্থিতিশীলতা, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং ইরানের পরমাণু প্রকল্প

·        উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

·        (এবং) ইউক্রেইনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রে গত বছর নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়লাভের পর থেকেই রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলেছে।

তবে দুই নেতার প্রথম আনুষ্ঠানিক ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি।

বরং উভয় পক্ষ থেকেই দুই নেতার মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্য, সন্ত্রাস মোকাবেলা এবং অন্যান্য অঞ্চলে অধিপত্য বিস্তারে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে আলাপ হয়েছে বলে জানানো হয়েছে।

ভবিষ্যতে ট্রাম্প ও পুতিন মুখোমুখি বৈঠক করার বিষয়ে একমত হয়েছেন এবং তারা ‘ব্যক্তিগতভাবে নিয়মিত যোগাযোগ রাখবেন’ বলেও জানান গেছে।