২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের ‘নিশ্চয়তা নেই’: ট্রাম্প

রাশিয়ার সঙ্গে ‘সুসম্পর্ক’ চাইলেও এর কোনও ‘নিশ্চয়তা নেই’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন কিনা তা তিনি বলতে পারছেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 10:38 AM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ট্রাম্পের সঙ্গে শনিবারেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ করার কথা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস এবং ক্রেমলিন।

ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর প্রথম এই ফোনালাপে দু’নেতা দ্বিপক্ষীয় নানা বিষয় এবং জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পটও এর মধ্য দিয়ে প্রস্তুত হতে পারে বলে জল্পনা রয়েছে।

কিন্তু ট্রাম্প বলেছেন, রাশিয়ার ওপর আগের মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা এখনও প্রারম্ভিক পর্যায়ে আছে।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া দখল করে নেওয়ার পর তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা দেখব সামনে কি ঘটে। আমরা সব দেশের সঙ্গেই যতটা সম্ভব চমৎকার সম্পর্ক চাই। যদিও সেটি সম্ভব হবে না। দুর্ভাগ্যজনকভাবে, হয়ত অনেক দেশের সঙ্গেই সেটি সম্ভব হবে না।”

“কিন্তু প্রধানমন্ত্রী টেরিজা মে’র সঙ্গে আমাদের যেমন সুসম্পর্ক রয়েছে... তেমন সম্পর্ক রাশিয়া, চীন এবং অন্য দেশগুলোর সঙ্গেও হলে খুবই ভাল হবে। আমি সবার সঙ্গেই এমন সম্পর্ক চাই।”

“এরকম সম্পর্ক থাকা খুবই উপযোগী। তবে এর কোনও নিশ্চয়তা নেই। কিন্তু আমরা যদি তা করতে পারি তাহলে সেটি ইতিবাচকই হবে, নেতিবাচক কিছু না।”

ওদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী মে স্পষ্ট করে বলেছেন, মিনস্ক চুক্তি অনুযায়ী, রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে যুদ্ধ বন্ধের শর্ত পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মস্কোর ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত বলেই মনে করে তার সরকার।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরাও মস্কোর প্রতি হোয়াইট হাউসের কোনওরকম নমনীয় মনোভাব দেখানোর বিরোধিতা করছে।

বিবিসি জানায়, ট্রাম্প এ মাসের শুরুর দিকে বলেছিলেন, রাশিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করলে তাদের ওপর ওবামা প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবেন তিনি।

ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে শুক্রবারেও ‘ফক্স নিউজ’কে বলেন, রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি ‘বিবেচনাধীনে আছে।’

ট্রাম্প-পুতিন ফোনালাপের মধ্য দিয়ে এ পদক্ষেপের প্রাথমিক কাজ শুরু হতে পারে বলে মনে করছেন সংবাদদাতারা। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এখনই সুনির্দিষ্ট কোনওকিছু হওয়ার সম্ভাবনা নেই।