যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রদপ্তরের শীর্ষ কূটনীতিকদের একযোগে পদত্যাগ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা টীমের শীর্ষ কূটনীতিকরা একযোগে পদত্যাগ করেছেন।
এতে করে চাপে পড়েছেন হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মার্কিন সিনেটে টিলারসনের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে এ গণপদত্যাগে তিনি আরও সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের পদত্যাগ করা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, আন্ডারসেক্রেটারি ফর ম্যানেজমেন্ট প্যাট্রিক কেনেডি, দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়েস বার ও মিশেল বন্ড এবং বৈদেশিক মিশন কার্যালয়ের পরিচালক জেন্ট্রি স্মিথ। তারা ছাড়াও আরও অনেক কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এতজন কর্মকর্তা কি পরিস্থিতিতে একযোগে পদত্যাগ করেছেন বা তাদেরকে শুক্রবারের মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছিল কিনা তা স্পষ্ট জানা যায়নি।
পররাষ্ট্রদপ্তর বলছে, এটি কোনও রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর স্বাভাবিক নিয়মমাফিক পদত্যাগ।
গণমাধ্যমের একটি খবরে এ পদত্যাগকে গণপদত্যাগ হিসাবে অভিহিত করা হলেও একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, এটি প্রতিবাদী গণপদত্যাগ নয়।
