কাশ্মিরে তুষারধসে ১০ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষার ধসে অন্তত ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বিবিসি’র খবরে বলা হয়, বৃহস্পতিবার দুর্গম গুরেজ এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে সীমান্তে নিয়মিত পাহারা দেওয়ার সময় তুষার ধসে চাপা পড়ে সাত ভারতীয় সেনা নিহত হয়।
ওই দিন কাছের একটি সেনা পোস্টে একই ধরনের ঘটনায় আরও তিন সেনা নিহত হয়েছে। তুষার ধসে ওই সেনা পোস্টটি চাপা পড়ে গিয়েছিল। সেখান থেকে এখন পর্যন্ত সাত জনকে উদ্ধার করা হয়েছে।
তুষার ধসে বিশেষ করে শীত মৌসুমে কাশ্মিরে সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া সড়ক এবং রেলপথ প্রায়ই বন্ধ হয়ে যায়। একদিন আগে ওই এলাকায় তুষার ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছিল।
গত বছর সিয়াচেন হিমবাহে তুষার ধসে ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়।
সিয়াচেন হিমবাহের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের সেনাদের লড়াই সেটিকে বিশ্বের সবচেয়ে উঁচু লড়াইয়ের ময়দানে পরিণত করেছে।
