২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির তুষারধস বিধ্বস্ত হোটেলে মৃতের সংখ্যা ২৯

ইতালির পার্বত্যাঞ্চলে ছয় দিন আগে তুষার ধসে চাপা পড়া বিলাসবহুল হোটেল থেকে সর্বশেষ দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:37 PM

Updated : 11 Apr 2022, 10:53 PM

বুধবার উদ্ধার হওয়া ওই মৃতদেহ দুইটির একজন নারী ও একজন পুরুষের।

গত ১৮ জানুয়ারি রাতে ইতালির আবরুজ্জো অঞ্চলের গ্রান সাসো পবর্তমালার কাছের রিগোপিয়ানো নামের ওই হোটেলটি তুষার ধসে চাপা পড়ে।

ওই দিন আঘাত হানা ভূমিকম্পের কারণে এ তুষার ধস হয় বলে ধারণা কর্তৃপক্ষের।

দুর্ঘটনার সময় হোটেলে ৪০ জন লোক ছিল। যাদের মধ্যে চারটি শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।।

পরে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়।

স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে তুষার ধসের খবরটি প্রয়োজনীয় গুরুত্বের সঙ্গে নেয়নি বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী পাউলো জেনতিলনি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

তবে বুধবার তিনি পার্লামেন্টে এক বক্তৃতায় বলেন, এই বিপর্যয়ের জন্য কে দায়ী এখন সেটা খুঁজতে গিয়ে সময় নষ্ট করা ঠিক হবে না।

বিবিসি’র খবরে বলা হয়, তুষার ধসে প্রায় এক লাখ ২০ হাজার টন ওজনের বরফ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে নিচে নেমে আসে।

প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, নিহতদের ময়নাতদন্তে অন্তত ছয় জন হোটেলটি ধসে পড়ার সময় আতঙ্কে মারা গেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

কয়েক জন হাইপোথারমিয়া এবং অক্সিজেনের অভাবেও মারা গেছে।

পুরনো খবর:

ইতালির তুষারধস বিধ্বস্ত হোটেল থেকে আরো লাশ উদ্ধার