২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির তুষারধস বিধ্বস্ত হোটেল থেকে আরো লাশ উদ্ধার

ইতালির পার্বত্যাঞ্চলে ছয় দিন আগে তুষার ধসে চাপা পড়া বিলাসবহুল হোটেল থেকে আরও পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ১৪ তে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 09:22 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, গত কয়েক ঘণ্টায় তিন জন পুরুষ ও দুই জন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও ১৫ জন নিখোঁজ রয়েছে। তুষারে চাপা পড়া হোটেলটি থেকে  জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা এখনও ছাড়েনি উদ্ধারকর্মীরা।

অগ্নিনির্বাপক বাহিনীর মুখপাত্র লুকা কারি সাংবাদিকদের বলেন, “আমরা হোটেলটির মূল কাঠামোতে এখনও প্রবেশ করতে পারিনি। তাই, তুষার ধসে হোটেলের সবগুলো কক্ষ ধ্বংস নাও হতে পারে এই বিশ্বাসের উপর ভর করেই আমরা কাজ করছি।”

উদ্ধারকারীরা কোনও ধরনের বিরতি ছাড়াই কাজ করবে এবং তারা এখনও জীবিত কাউকে উদ্ধারের আশা ছাড়েনি বলেও জানান তিনি।

এখন পর্যন্ত হোটেলটি থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

১৮ জানুয়ারি রাতে ইতালির আবরুজ্জো অঞ্চলের গ্রান সাসো পবর্তমালার কাছের রিগোপিয়ানো নামের ওই হোটেলটি তুষার ধসে চাপা পড়ে।

ওই দিন আঘাত হানা ভূমিকম্পের কারণে এ তুষার ধস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ৩০ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।