ইসরায়েলের নতুন বসতি পরিকল্পনার নিন্দা জাতিসংঘের
অধিকৃত পশ্চিমতীরে নতুন আরো দুই হাজার ৫০০ বাড়ি নির্মাণের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছে জাতিসংঘ।
এসব ‘একতরফা পদক্ষেপ’ ফিলিস্তিন-ইসরায়েল দিপাক্ষিক সমস্যার দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাধা বলে মন্তব্য করেছে জাতিসংঘের এক মুখপাত্র।
মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘বাসস্থানের প্রয়োজনে’ পশ্চিত তীরের ইহুদি বসতিতে আরো দুই হাজার ৫০০ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষের এ ধরনের দ্বিতীয় ঘোষণা এটি। এর আগে পূর্ব জেরুজালেমেও শত শত নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটি।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য যে ভূখন্ড তারা দাবি করছেন সেখানে নতুন ভবন নির্মাণের মাধ্যমে শান্তির আশায় নেওয়া পরিকল্পনাগুলোকে খাটো করার চেষ্টা করছে ইসরায়েল।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের মুখপাত্র স্তেফান দুজারিক বলেছেন, “দুই-রাষ্ট্রিক সমাধান ছাড়া দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই মহাসচিবের। এর প্রেক্ষিতে কোনো একতরফা সিদ্ধান্ত দুই রাষ্ট্রের লক্ষের পথে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে, যা মহাসচিবের জন্য গভীর উদ্বেগের বিষয়।
“ইসরায়েল ও ফিলিস্তিন, দুই জাতির জন্য দুই রাষ্ট্র, এই লক্ষে পৌঁছানোর জন্য দুই পক্ষের একটি আন্তরিক আলোচনায় মিলিত হওয়া দরকার।”
ইসরায়েলের ইহুদি বসতি গড়ার ব্যাপারে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশি সহানুভূতিশীল হওয়ার ইঙ্গিত দিয়েছেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। ইহুদি বসতির পক্ষ সমর্থনকারী কর্মকর্তাকে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূতও করেছেন তিনি।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ পর্যন্ত ১৪০টি আবাসিক এলাকায় ইহুদিদের জন্য প্রায় পাঁচ লাখ বাড়ি বানিয়েছে ইসরায়েল।
আন্তর্জাতিক আইনানুযায়ী এসব বসতি অবৈধ, তবে ইসরায়েল তা মানে না।
