ভূমিকম্পে এভারেস্টের উচ্চতা কমেছে? মেপে দেখবে ভারত
২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গেছে কিনা তা মেপে দেখার ঘোষণা দিয়েছে ভারত।
ভারতের জরিপ বিভাগের সার্ভেয়ার জেনারেল স্বর্ণা সুবা রাও সাংবাদিকদের বলেন, দুই মাসের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় একটি জরিপকারী দল পাঠানো হবে।
বিবিসি’র খবরে বলা হয়, ভূউপগ্রহের তথ্য ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা কিছুটা হ্রাস পাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
৬২ বছর আগে করা ভারতের একটি জরিপ অনুযায়ী, এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৮ ফুট বা ৮ হাজার ৮৪৮ মিটার।
বিজ্ঞানীরা বলছেন, নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর হিমালয়ের একটি অংশের উচ্চতা প্রায় এক মিটার কমে গেছে।
ফলে বিশ্বে সবচে উচু পর্বতশৃঙ্গের উচ্চতাতেও কোনও পরিবর্তন ঘটেছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মত দেন তারা।
সার্ভে অব ইন্ডিয়া নেপাল সরকারের সঙ্গে মিলে এভারেস্টের উচ্চতা ফের মেপে দেখার কাজটি করবে বলে জানিয়েছেন ভারতের সার্ভেয়ার জেনারেল সুবা রাও।
