সিরিয়ায় রাশিয়ার সঙ্গে সমন্বয়ের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
রাশিয়ার সঙ্গে সিরিয়ায় চালানো বিমান হামলা সমন্বয় করার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২২ জানুয়ারি সিরিয়ার আল বাবের কাছে ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যস্থলগুলোতে হামলার বিষয়ে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর ‘আমেরিকান অংশ’ থেকে দিকনির্দেশনা গ্রহণ করেছে রাশিয়ার সামরিক বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা টিএএসএস এর প্রতিবেদনে বলা হয়, “এই যৌথ অভিযানে অস্ত্রশস্ত্রসহ জঙ্গিরা যেখানে জড়ো হয়েছিল সেই এলাকাটিসহ তাদের বেশ কয়েকটি অস্ত্র গুদাম ধ্বংস করা হয়।”
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) রাশিয়ার এ বিবৃতি পুরোপুরি অস্বীকার করে।
“যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ায় বিমান হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করছে না,” বলেছেন পেন্টাগনের মুখপাত্র এরিক পাহোন।
পাহোন জানান, রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (যুক্তরাষ্ট্রের) একটি যোগাযোগ চ্যানেল আছে যা শুধুমাত্র সিরিয়ার আকাশপথে দুই পক্ষের বিমানের সংঘর্ষ এড়ানোর বিষয়টিই দেখে।
সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসারকে জিজ্ঞেস করা হয়েছিল, সিরিয়ায় রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সম্মত হবে কিনা।
এর উত্তরে স্পাইসার বলেছেন, “যদি এমন কোনো উপায় থাকে যেখানে আইএসআইএসের সঙ্গে আমরা যে কোনো দেশকে নিয়ে লড়াই করতে পারি, হতে পারে এটি রাশিয়া বা অন্য কেউ, এবং যদি আমাদের জাতীয় স্বার্থের অংশীদারিত্ব থাকে, তাহলে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব।”
সিরিয়ার গৃহযুদ্ধে পরস্পর বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। মস্কো সমর্থন দিচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এবং ওয়াশিংটন সুন্নি মুসলিম বিদ্রোহীদের।
এর বাইরে, আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক একটি জোট বাহিনীর বিমান অভিযানেও নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বহুবার বলেছেন, আইএস ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি রাশিয়ার সঙ্গে কাজ করতে চান।
