২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএর নতুন প্রধান পম্পেও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত সিআইএর প্রধান মাইক পম্পেওর নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সিনেট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jan 2017, 12:06 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

নির্যাতন হিসেবে বিবেচনা করা হয় জিজ্ঞাসাবাদের এমন কৌশলের ব্যবহার অনুমোদন করতে পারেন এবং নজরদারি পরিসর বিস্তৃত করে তুলতে পারেন, যুক্তরাষ্ট্রের কিছু সিনেটরের এমন উদ্বেগের কারণে পম্পেওর নিয়োগ নিশ্চিত করতে দেরি হয়।

পরে সোমবার সিনেটের ভোটাভুটিতে ৬৬-৩২ ভোটে পম্পেওর নিয়োগ নিশ্চিত হয়।

তার নিয়োগের বিপক্ষে ভোট দেওয়া প্রায় সবাই ডেমোক্রেট দলীয় সিনেটর হলেও নজরদারির নিয়ন্ত্রণের পক্ষে প্রচারণা চালানো রিপাবলিকান দলীয় সিনেটর র‌্যান্ড পলও তার বিপক্ষে ভোট দেন।

আইনানুযায়ী শুধুমাত্র সেনাবাহিনীর ফিল্ড ম্যানুয়ালে অনুমোদিত জিজ্ঞাসাবাদের কৌশল ব্যবহার করবেন, এই প্রতিশ্রুতি পম্পেও যথেষ্ট দৃঢ়ভাবে দেননি বলে অনুভব করেছিলেন ওই সিনেটররা।  

নিয়োগ নিশ্চিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ৫৩ বছর বয়সী প্রতিনিধি পম্পেওকে শপথবাক্য পাঠ করান।

নিউ ইয়র্কের ট্যুইন টাওয়ারে ১১ সেপ্টেম্বরের হামলার পর সিআইএ ওয়াটারবোর্ডিংসহ জিজ্ঞাসাবাদের অন্যান্য কঠোর পদ্ধতি গ্রহণ করেছিল। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ও অন্যান্য অধিকার আন্দোলনকারীরা এসব পদ্ধতিকে ‘নির্যাতন’ অভিহিত করে এগুলোর নিন্দা জানিয়েছিলেন।

২০০৯ সালে এক নির্বাহী আদেশে ওয়াটারবোর্ডিং ও জিজ্ঞাসাবাদের অন্যান্য কঠোর পদ্ধতি নিষিদ্ধ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

কিন্তু এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প ওয়াটারবোর্ডিং এবং জিজ্ঞাসাবাদের অন্যান্য ‘আরো মারাত্মক পদ্ধতি’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সিনেটের গোয়েন্দা কমিটির লিখিত প্রশ্নের জবাবে পম্পেও জানিয়েছিলেন, কিছু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নীতি পরিবর্তনের বিষয়টি খোলা রাখতে চান তিনি।

ডেমোক্রেট সিনেটররা তার এ ধরনের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করলেও অধিকাংশ রিপাবলিকান সিনেটর পম্পেওকে সিআইএর প্রধান হিসেবে ‘চমৎকার পছন্দ’ বলে মত দেন।