২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটো সেকেলে তবে এখনও আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ: ট্রাম্প

নেটো সেকেলে কারণ এটি সন্ত্রাসী হামলা থেকে সুরক্ষা দিতে পারেনি, কিন্তু সামরিক এ জোটটি এখনও তার কাছে বেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jan 2017, 02:03 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

এক সাক্ষাৎকারে লন্ডন টাইমসকে এসব কথা জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, “নেটো সেকেলে, আমি এটি বলার পর কতো সমালোচনা। এটি সেকেলে কারণ এটি সন্ত্রাসীদের ব্যাপারে মনোযোগ দেয়নি। দুইদিন আমি অনেক সমালোচনা সহ্য করেছি, কিন্তু এরপর তারা বলতে শুরু করেছে, ট্রাম্পই ঠিক।” 

যুক্তরাষ্ট্রের দেওয়া সুরক্ষা সত্বেও অনেক নেটো সদস্যই তাদের ভাগের অর্থ পরিশোধ করে না বলে অভিযোগ করেন তিনি।

বলেন, “তাদের যা দেওয়া উচিত অনেক দেশই তা দেয় না, এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অন্যায় আচরণ বলে মনে করি আমি। এ সত্বেও আমি বলতে চাই, নেটো আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। পাঁচটি দেশ আছে যারা তাদের যা দেওয়া উচিত তা দিচ্ছে। পাঁচটি। এটা যথেষ্ট নয়।”

বিবিসি জানিয়েছে, লন্ডন টাইমসের পক্ষ থেকে ট্রাম্পের সাক্ষাৎকার গ্রহণ করেন ব্রিটিশ এমপি মাইকেল গোভ।

সাক্ষাৎকারে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা প্রসঙ্গে ট্রাম্প ‘অনেক বছর আগে নেটোর পরিকল্পনা করা হয়েছিল’ বলেও মন্তব্য করেন। 

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।