২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে তুরস্কের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩৭

কিরগিজস্তানে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 09:59 AM

Updated : 11 Oct 2022, 01:20 PM

সোমবার দেশটির রাজধানী বিশকেকের নিকটবর্তী মানাস বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কিরগিজস্তান সরকার।

দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৪৭ জেট বিমানটি রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামের কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়।

নিহতদের অধিকাংশ ওই গ্রামটির বাসিন্দা। বাকীরা বিমানটির আরোহী।

ঘন কুয়াশার মধ্যে বিমানটি ল্যান্ড করার চেষ্টাকালে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কিরগিজস্তানের কর্মকর্তারা।

Image
তুরস্কের কার্গো বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীদের দেখা যাচ্ছে; ১৬ জানুয়ারি, ২০১৭।

তুরস্কের কার্গো বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীদের দেখা যাচ্ছে; ১৬ জানুয়ারি, ২০১৭।

মানাস বিমানবন্দর প্রশাসন জানিয়েছে, হংকং থেকে ইস্তাম্বুল যাওয়ার পথে বিমানটি সম্ভবত মানাস বিমানবন্দরে থামতে চেয়েছিল, কিন্তু নামার চেষ্টার সময় ঘন কুয়াশার মধ্যে স্থানীয় সময় সকাল ৭টা ৩১ মিনিটে বিধ্বস্ত হয়।

কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয়ের সঙ্কট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মুখাম্মেদ সভারভ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটির কারণে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, প্রাথমিক হিসাবে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৭ জন নিহত হয়েছে।

কিরগিজস্তানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিল।

এই মন্ত্রণালয় বিমানটি টার্কিশ এয়ারলাইনসের বোয়িং ৭৪৭-৪০০ বলে শনাক্ত করলেও টার্কিশ এয়ারলাইনস জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি তাদের নয়, এটি এসিটি এয়ারলাইনস নামের তুরস্কের আরেকটি কোম্পানির।

উদ্ধারকারীরা বিমানটির এক পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছে কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।