২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ প্রায় ১০০

ভূমধ‌্যসাগরের লিবিয়া উপকূলে ইউরোপ অভিবাসন প্রত‌্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 12:56 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

নিখোঁজদের উদ্ধারে ইতালীয় কোস্টগার্ড তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত সাগর থেকে আটটি মৃতদেহ ও চারজনকে জীবিত উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। কিন্তু শনিবার রাতের অন্ধকার নামার পর প্রতিকূল পরিস্থিতিতে অভিযান অব‌্যাহত রাখা কঠিন হয়ে পড়ে, তখনও বহু মানুষ নিখোঁজ ছিলেন। 

লিবীয় উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে ইতালী ও লিবীয় জলসীমার মধ‌্যবর্তী এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে কোন কোন দেশের নাগরিকরা ছিলেন তা পরিষ্কার নয়।

উদ্ধারকাজে ইতালীয় কোস্টগার্ডের পাশাপাশি ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ, দুটি বাণিজ‌্যিক জাহাজ ও বিমানও অংশগ্রহণ করছে। 

২০১৫ সালের শেষ দিক থেকে সীমান্তে কড়াকড়ির কারণে স্থলপথে ইউরোপ অভিমুখি অভিবাসন প্রত‌্যাশীদের সংখ‌্যা হ্রাস পেয়েছে। কিন্তু বিপদসঙ্কুল হওয়া সত্বেও সাগরপথ এখনও জনপ্রিয়তা ধরে রেখেছে।

শুক্রবারও ইতালীয় কোস্টগার্ড ‍ভূমধ‌্যসাগর থেকে ইউরোপ অভিবাসন প্রত‌্যাশী ৫৫০ জনকে উদ্ধার করেছে।

২০১৭ সালের প্রথম দুই সপ্তাহে হাজারেরও বেশি অভিবাসন প্রত‌্যাশী ইউরোপে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থি বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শনিবারের ঘটনার আগ পর্যন্ত ওই দুই সপ্তাহে ১১ জন মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। 

ইউএনএইচসিআরের হিসাব অনুযায়ী, গত বছর ভূমধ‌্যসাগরের জলপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পাঁচ হাজার মানুষ মারা গেছেন।