মসুল বিশ্ববিদ্যালয় আইএস ‘মুক্ত’
ইরাকের মসুলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইরত ইরাকি বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন।
বিবিসি জানিয়েছে, শুক্রবার ইরাকি বাহিনীর অভিজাত ইউনিটের সেনারা বিশ্ববিদ্যায়লটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়টির গবেষণাগারগুলো রাসায়নিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতো জঙ্গিরা।
ইরাকে আইএসের সর্বশেষ বড় ঘাঁটি মসুল। শহরটি পুনরুদ্ধারে অক্টোবর থেকে অভিযান শুরু করে ইরাকি সামরিক বাহিনী।
শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া তাইগ্রিস নদীতে বিভক্ত শহরটির পূর্বাংশের প্রায় পুরোটা ইতোমধ্যে পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী, কিন্তু নদীর অপর পাড়ের পশ্চিমাংশ এখনও জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়ে গেছে।
ইরাকের সন্ত্রাস-বিরোধী অভিযানের প্রধান লে. জে. তালিব শাঘাতি মসুল বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধারকে একটি উল্লেখযোগ্য বিজয় বলে বর্ণনা করেছেন।
“বীরেরা এই বিজ্ঞান এবং সাংস্কৃতিক ভবনটি মুক্ত করেছে। মসুল বিশ্ববিদ্যালয় মুক্ত করা সাংস্কৃতিক, সামাজিক ও মানবসম্পদগত বিবেচনায় অনেক কিছু,” বলেন তিনি।
পূর্ব মসুলের অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন ইরাকের সামরিক কর্মকর্তারা।
তাইগ্রিস নদীর প্রধান পাঁচটি সেতুর মধ্যে তিনটির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর হাতে। অভিযানের শুরুতে এসব সেতুতে বোমাবর্ষণ করেছিল ইরাকি বাহিনীকে সহায়তাকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমানগুলো।
পশ্চিমাংশ থেকে পূর্বাংশে জঙ্গিদের রসদ পাঠানো বন্ধের উদ্দেশ্যে সেতুগুলোকে টার্গেট করা হয়েছিল।
অভিযানটি অক্টোবরে শুরু হলেও আইএসের তীব্র প্রতিরোধ ও পাল্টা হামলায় গতি শ্লথ হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি ইরাকি বাহিনী তাইগ্রিস নদী পর্যন্ত পৌঁছে যাওয়ায় শিগগিরই পশ্চিমাংশেও অভিযান শুরু করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
