২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 01:25 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

সোমবার ‘হত্যার হুমিক’ দেওয়া ওই চিঠি পাওয়ার কথা জানিয়েছেন সৌরভ, খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।

মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। ১৯ জানুয়ারি সেখানে যাওয়ার কথা সৌরভের। কিন্তু তাকে সেখানে না যেতে চিঠিতে সতর্ক করা হয়েছে। 

মেদিনিপুরের স্থানীয় সূত্রগুলো পিটিআইকে জানিয়েছে, কোনো এক জেড আলম সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের নামে চিঠিটি পাঠিয়েছেন। চিঠির সঙ্গে তিনটি ছবিও ছিল। একটিতে পরিবারের সঙ্গে সৌরভ, বাকি দুটিতে ক্ষতবিক্ষত মৃতদেহের ছবি।

এতে লেখা রয়েছে, “ওই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য এতদ্বারা আপনার ছেলেকে সতর্ক করে দেওয়া হচ্ছে। সে যদি এখানে আসার সাহস দেখায়, তাহলে আপনি আর তাকে দেখবেন না।”

চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে সৌরভ বলেছেন, “৭ জানুয়ারি আমি ওই চিঠিটি পাই। এ বিষয়ে পুলিশকে ও ওই সংগঠকদের জানিয়েছি আমি।”

১৯ জানুয়ারি আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন টুর্নামেন্টটির যৌথ আয়োজক। সৌরভকে প্রধান অতিথি করেছে তারা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ সেখানে যাবেন কিনা তা এখনও ঠিক করেননি বলে জানিয়েছেন। তবে যাওয়ার সিদ্ধান্ত নিলে গণমাধ্যমকে জানিয়েই যাবেন বলে নিশ্চিত করেছেন।

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এসপি ভারতী ঘোষ জানিয়েছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে তা তার জানা নেই।

“এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি,” বলেছেন তিনি।