শপথের দিন ট্রানজিট কার্ডে ট্রাম্পের ছবি থাকছে না
যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথের দিন বাসে ও ট্রেনে ব্যবহারের জন্য বিশেষ ট্রানজিট কার্ডে ট্রাম্পের ছবি থাকছে না বলে জানিয়েছে ওয়াশিংটন মেট্রোপলিটন ট্রানজিট কর্তৃপক্ষ।
তার বদলে ১০ ডলারের ওই কার্ডে হোয়াইট হাউজ ও মার্কিন পতাকার ছবি থাকবে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে।
অন্যদিকে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, কার্ড নয়, কার্ডের কভারে তার ছবি ও নির্বাচনী শ্লোগান ‘মেক আমেরিকা গ্রেইট এগেইন’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ফক্স নিউজকে অভিষেক আয়োজক শিবিরের মুখপাত্র বরিস এপস্টেইন বলেন, “মেট্রো কর্তৃপক্ষকে নিয়ে আমাদের কমিটি ওই কার্ডের সঙ্গে একটি স্মারক কভার দেওয়ার চেষ্টা করছে।”
শপথের দিন মেট্রো কাউন্টারগুলোতে ট্রাম্পের ছবি দেওয়া অন্তত ৫০ হাজার কভার বিতরণ করা হবে বলে জানান তিনি।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা ট্রাম্পের।
গত নভেম্বরের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়েছেন তিনি। গত দুইবারের প্রথা অনুযায়ী, এবারও নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিন এ বিশেষ কার্ড করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন মেট্রোপলিটন ট্রানজিট অথোরিটি।
এজন্য ট্রাম্পের ছবিও চেয়েছিল তারা। কিন্তু অভিষেক অনুষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তারা ‘যথাসময়ে ছবি না দেওয়ায়’ ট্রাম্পের বদলে হোয়াইট হাউজের ছবি ও মার্কিন পতাকা দিয়ে কার্ড ছাপিয়ে ফেলা হয়।
এ কার্ড দিয়ে ট্রাম্পের শপথের দিন সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীজুড়ে যে কোনও ট্রেনে কিংবা বাসে যতবার খুশি ততবার চড়তে পারবেন যাত্রীরা।
রীতি অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের শপথের দিন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তার সমর্থকরা রাজধানীতে আসেন। তাদের কথা মাথায় রেখেই এ বিশেষ কার্ড করা হয়।
২০০৮ ও ২০১২ নির্বাচনে জিতে শপথ নেওয়ার দিনগুলোতে এ বিশেষ কার্ডে বারাক ওবামার ছবি ছাপিয়েছিল ওয়াশিংটন মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি।
