ট্রাম্পকে চীনা ট্যাবলয়েডের হুঁশিয়ারি
এক চীন নীতি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে বেইজিং ‘প্রতিশোধ নেবে’ উল্লেখ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছে চীনের রাষ্ট্রপরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের হিউসটনে বিতর্কিত যাত্রাবিরতি নেওয়া এবং রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করার মাত্র কয়েক ঘণ্টা পরই চীন এ হুঁশিয়ারি দিল।
রোববার মধ্য আমেরিকা যাওয়ার পথে হিউসটনে যাত্রাবিরতি করেন সাই। তিনি হন্ডুরাস, নিকারাগুয়া, গুয়েতেমালা এবং এল সালভেদর সফর করবেন। তাইওয়ানে ফেরার পথে ১৩ জানুয়ারিতে সান ফ্রান্সিসকোতেও থামবেন সাই।
বেইজিং কর্তৃপক্ষ এক চীন নীতির আওতায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাইকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়া এবং আনুষ্ঠানিক কোনও সরকারি বৈঠক করতে না দেওয়ার জন্য ওয়াশিংটনকে আগেই আহ্বান জানিয়েছিল।
এরপরও হিউসটনে যাত্রবিরতি করে রিপাবলিকান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে সাইয়ের সাক্ষাৎ মোটেও ভালোভাবে নিতে পারেনি চীন।
রোববার চীনা ট্যাবলয়েড দ্য গ্লোবাল টাইমস ট্রাম্পকে বলেছে, “এক চীন নীতিতে অটল থাকার কথা বলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কাছে চীনের কোনও সনির্বন্ধ অনুরোধ নয়, বরং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক রক্ষা করে চলা, এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের শৃঙ্খলা বজায় রাখা এবং মান মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এ নীতি মেনে চলতে বাধ্য।”
গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-এর সঙ্গে রীতি ভঙ্গ করে ফোনালাপ করে এবং তাইওয়ানকে চীনের অংশ মেনে করা 'এক চীন নীতিকে' প্রশ্নবিদ্ধ করে চীনকে ক্ষেপিয়ে দেন ট্রাম্প।
তারপর থেকেই বেইজিং-এর তোপের মুখে আছেন নবনির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট।
দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের আর কোনও প্রেসিডেন্ট এক চীন নীতিকে প্রশ্নবিদ্ধ করেননি। ট্রাম্পই প্রথম চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৪৪ বছরের পররাষ্ট্র সম্পর্ক বদলের আভাস দেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন করেন, “আমি বুঝি না চীনের সঙ্গে বাণিজ্য বা অন্যান্য প্রশ্নে চুক্তিই না করা গেলে এক চীন নীতি সমর্থনের দরকার কী?”
গ্লোবাল টাইমস বলেছে, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এক চীন নীতি থেকে সরে গেলে চীনের জনগণ সরকারকে এর প্রতিশোধ নেওয়ার দাবি জানাবে। বিষয়টি নিয়ে দরকষাকষির কোনও সুযোগ নেই।”
