বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী
চীনের রাজধানী বেইজিংয়ে ছড়িয়ে পড়া বিপদজনক মাত্রায় বিষাক্ত ধোঁয়াশা কমাতে মাঠে নেমেছে পরিবেশ বিষয়ক নতুন একদল পুলিশ।
নগরীর ভারপ্রাপ্ত মেয়রের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থার খবরে বলা হয়, বায়ু দূষিত করছে এমন কারণগুলো খুঁজে বের করবে পরিবেশ পুলিশের দলটি। এমনকি তারা খোলা আকাশের নিচে বারবিকিউ করা হচ্ছে কিনা এবং ধূলাপূর্ণ রাস্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।
মেয়র কাই কি বলেন, “খোলা আকাশের নিচে বারবিকিউ, আবর্জনা পোড়ানো, জীবদেহ পোড়ানো, ধূলাবালিময় সড়ক ইত্যাদি পরিবেশ আইনের লঙ্ঘন হলেও ঢিলেঢালা পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইনের দুর্বল বাস্তবায়নের কারণে এসব কাজ করেও অনেকেই পার পেয়ে যায়।”
এ বছর কয়লার ব্যবহার ৩০ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন মেয়র কাই।
শীত মৌসুম শেষ হলে বেইজিংয়ের কয়লা ভিত্তিক একমাত্র পাওয়ার প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শীত মৌসুমে ঘর গরম রাখতে বিদ্যুতের ব্যবহার বেশি হয়।
দূষিত বায়ুতে শ্বাসপ্রশ্বাস নেওয়া এড়াতে বেজিংয়ের অনেক বাসিন্দা দিনের পর দিন ঘরের ভেতর কাটাতে বাধ্য হচ্ছে।
বিষাক্ত ধোঁয়ার বড় উৎসগুলোর বিরুদ্ধে আরও ব্যবস্থা গ্রহণের জন্য চীনের জনগণ সরকারের কাছে আবেদন করেছে।
তারা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে আনার আহ্বানও জানিয়েছে। চীনে বিদ্যুতের প্রাথমিক উৎস কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
নগর কর্তৃপক্ষরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণেও বায়ু দূষণ কমিয়ে আনা সম্ভব হচ্ছে না।
বায়ু দূষণে বড় ভূমিকা পালনকারী বেইজিংয়ের সড়কগুলোতে চলাচল করা পুরাতন যানবাহন তুলে নেওয়া হবে বলেও জানিয়েছে সিনহুয়া।
এছাড়া, যেসব কারখানা থেকে বায়ু দূষণ হয় সেগুলোও বন্ধ করে দেওয়া হবে অথবা দূষণের মাত্রা হ্রাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বেইজিং কর্তৃপক্ষ নগরীর স্কুল ও কিন্ডারগার্টেনগুলোতে বায়ু দূষণমুক্ত করার যন্ত্র বসানোর ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে স্কুলগুলোর আউটডোর কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
