জেরুজালেমে ট্রাক হামলায় নিহত ৪
জেরুজালেমে জনপ্রিয় একটি বিহারস্থানে ইসরায়েলি সেনাদের ওপর ট্রাক হামলায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও জরুরি সেবা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পুলিশের গুলিতে নিহত হামলাকারী ট্রাক চালক পূর্ব জেরুজালেমে ইসরায়েলের অধিকৃত এলাকায় বসবাসকারী একজন ফিলিস্তিনি বলে পুলিশ চিহ্নিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার দক্ষিণাঞ্চলীয় পূর্ব জেরুজালেমের ইসরায়েলি আরমন হানেতিভ এলাকায় এ হামলা হয়। জনপ্রিয় স্থান ‘ওল্ড সিটি অব জেরুজালেম’দেখতে একটি বাসে করে আসা ইসরায়েলি সেনারা বাস থেকে নামার সময় হামলার শিকার হয়।
ফিলিস্তিনি চালক ইচ্ছাকৃতভাবে মানুষের ওপর ট্রাক চালিয়ে দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ।
নিহতদের মধ্যে তিন জন নারী ও একজন পুরুষ। তাদের সবার বয়স ২০’র কোটায়। তবে তারা সেনাসদস্য কিনা যে বিষয়ে কিছু বলা হয়নি। ইসরায়েলে সাধারণত পরিবারকে জানানোর আগে সেনাদের মৃত্যুর খবর ঘোষণা করা হয় না।
ইসরায়েল বেতারে জেরুজালেম পুলিশের একজন মুখপাত্র বলেন, “এটি একটি সন্ত্রাসী হামলা, এটি ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দিয়ে হামলা।”
ইসরায়েলের জাতীয় পুলিশ প্রধান রনি আলশেইচ সাংবাদিকদের বলেন, বার্লিনে ক্রিসমাস মার্কেটে ট্রাক নিয়ে হামলার ঘটনায় অনুপ্রাণিত হয়ে এ হামলা হয়ে থাকার বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না।
নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাকটি দ্রুতগতিতে সেনাদের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর মুহূর্তের জন্য থেমে সেটি সেনাদের মাড়িয়ে দেয় এবং তাদের মাড়িয়ে আবার পেছাতে থাকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা রক্ষী চ্যানেল টেন কে বলেন, “এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আমি দেখলাম আমার বাম দিক দিয়ে প্রচণ্ড গতিতে একটি ট্রাক ধেয়ে আসছে, যার প্রচণ্ড ধাক্কায় আমি উড়ে যাই।”
“অবিশ্বাস্যভাবে আমার পিস্তলটি আমার কাছেই থেকে যায়। আমি ট্রাকের একটি টায়ারে গুলি করি। কিন্তু পরমুহূর্তে আমি বুঝতে পারি ট্রাকটি থামাতে আমার এ চেষ্টা বৃথা, কারণ সেটিতে অনেকগুলো চাকা রয়েছে।”
“তাই আমি চালকের কেবিনের সামনের দিকে দৌড়ে যাই এবং সেটি লক্ষ্য করে আমার পিস্তলের ম্যাগাজিন খালি করে ফেলি। আমার গুলি শেষ হয়ে যাওয়ার পর অন্যান্য সেনা কর্মকর্তারাও গুলি চালাতে শুরু করে।”
ফুটেজে দেখা যায়, হামলার শিকার হওয়ার পর অনেক সেনাসদস্য পালিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করছে।
রোববার এ ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বাসচালক ইসরায়েলি বেতারে বলেন, চালক একদল সেনার উপর ট্রাক চালিয়ে দিলে তারা তাকে গুলি করে। এরপর চালক ট্রাক নিয়ে পিছিয়ে গিয়ে আবারও তাদের উপর উঠিয়ে দেয়।
বেতারের খবরে লরি চালক গুলিবিদ্ধ হওয়া এবং সড়কে মানবদেহ পড়ে থাকার কথা বলা হয়েছে।
তবে ইসরায়েলি টেলিভিশনের খবরে ট্রাত চালক নিহত হয়েছে বলে জানানো হয়। খবরের সঙ্গে প্রচারিত ভিডিও ফুটেজে কাঁচে গুলি লাগা ট্রাকটিও দেখানো হয়েছে।
স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, হালায় আহত ১৫ জনের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর ছুরি, বন্দুক নিয়ে হামলা এমনকি গাড়ি নিয়ে ফিলিস্তিনিদের হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাস সর্বশেষ এ ট্রাক হামলার প্রশংসা করেছে। দলটির মুখপাত্র একে বীরোচিত হামলা বলে অভিহিত করেছেন।
মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মানির বার্লিনে একই ধরনের হামলায় ১২ জন নিহত হয়। তার আগে ফ্রান্সের নিস শহরে এ ধরণের আরও একটি হামলায় ৮৪ জন নিহত হয়।
