চীনা শিল্পনগরীর বিরোধিতায় শ্রীলঙ্কায় বিক্ষোভ, সংঘর্ষ
শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে চীনকে একটি বন্দর নির্মাণ ও একটি শিল্পনগরী গড়ে তোলার অনুমতি দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন ওই এলাকার গ্রামবাসীরা।
বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হাম্বানটোটা বন্দর এলাকাটি ৮০ শতাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চীনা কোম্পানিকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার বন্দোবস্ত চূড়ান্ত করছে শ্রীলঙ্কা সরকার।
কাছেই আর একটি এলাকায় হবে গড়ে তোলা হবে একটি শিল্পনগরী। এখানে শিল্পকারখানা গড়ে তোলার জন্য চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হবে।
ওই পরিকল্পনার আওতায় আশপাশের কয়েক হাজার গ্রামবাসীকে উচ্ছেদের কথা বিবেচনা করা হচ্ছে।
পরিকল্পনার বিরোধীরা বলছেন, পরিকল্পনা বাস্তবায়নের পর ওই এলাকাটি একটি চীনা ‘উপনিবেশে’ পরিণত হবে।
সরকার বলেছে, স্থানীয় বাসিন্দাদের নতুন জমি দেওয়া হবে।
বিক্ষোভকারীদের প্রতিবাদের কারণে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান শুরু করতে দেরি হওয়ার পর পুলিশ বিক্ষেোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে উপস্থিত ছিলেন।
শ্রীলঙ্কার অবকাঠামোগত উন্নয়নে বড় ধরনের বেশ কয়েকটি বিনিয়োগ করেছে চীন। হাম্বানটোটা বন্দর উন্নয়ন এক্ষেত্রে সর্বশেষ সংযোজন।
২০০৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই শ্রীলঙ্কার অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা শুরু করে চীন। দক্ষিণ এশিয়া হয়ে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য ও তার ওপাশে ইউরোপের পথে ‘সামুদ্রিক সিল্ক রুট’ গড়ে তোলার চেষ্টা করছে চীন।
এই লক্ষ্যে তথাকথিত ‘স্ট্রিং অব পার্লস’ কৌশলের আওতায় দক্ষিণ এশিয়ায় প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে দেশটি।
