২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিজেপি এমপির মন্তব্যে ভারত জুড়ে বিতর্ক

‘ভারতের জনসংখ্যা বাড়ছে মুসলিমদের কারণে’ ক্ষমতাসীন বিজেপির এমপি সাক্ষী মহারাজের এ মন্তব্য দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 08:26 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

এনডিটিভির খবরে বলা হয়, এ মন্তব্যের জন্য খোদ বিজেপি থেকেই মহারাজের সমালোচনা করা হয়েছে।

উত্তর প্রদেশের মিরাটে শুক্রবার এক অনুষ্ঠানে উন্নাও আসনের এমপি সাক্ষী মহারাজ বলেন, “হিন্দুদের কারণে জনসংখ্যা বাড়ছে না। বরং যারা চার স্ত্রী ও ৪০ সন্তানের মতবাদকে সমর্থন করে তাদের কারণেই জনসংখ্যা বাড়ছে।” 

এর প্রতিক্রিয়ায় ইউনিয়ন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেন, “বিজেপিও একই ধারণা পোষন করে এমনটা ভাবা উচিত হবে না।”

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যায় স্থানীয় একটি নিউজ এজেন্সিকে মহারাজ বলেন, “জনসংখ্যা দিন দিন বাড়ছে। একজন নারী যন্ত্র নন। একসঙ্গে চার স্ত্রী থাকা, ৪০ সন্তানের জনক হওয়া এবং তিনজন স্ত্রীকে তালাক দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।”

“আমরা চার ভাই, সবাই অবিবাহিত এবং কোনো সন্তান নেই। আমাদের পুরস্কার পাওয়া উচিত।”

যদিও তার এই বক্তব্য বিতর্ককে শান্ত করতে পারেনি।

এরই মধ্যে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আর মাসখানেক পরই উত্তর প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ভোট গ্রহণের তারিখ (১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে সাত দফায় ভোট গ্রহণ হবে) ঘোষণা করা হয়ে গেছে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস মহারাজের এই মন্তব্যের বিরুদ্ধে নির্বচন কমিশনে নালিশ জানিয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন করবে বলে জানিয়েছেন দলটির নেতা কেসি মিত্তাল।

মিত্তাল বলেন, “ধর্ম ও সম্প্রদায় নিয়ে সাক্ষী মহারাজের বক্তব্য খুবই আপত্তিকর। এটা মডেল কোড অব কন্ডাক্টের লঙ্ঘনও বটে। আমার মনে হয় এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা অবশ্যই এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যাব।”

সাক্ষী মহারাজের বিতর্কিত মন্তব্য এবারই প্রথম নয়। গত বছর তিনি গোহত্যাকারীদের মৃত্যুদণ্ডের শাস্তি দাবী করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন।

এছাড়া তিনি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে ‘উন্মাদ’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিন্দুদের দেবতা কৃষ্ণের সঙ্গে তুলনা করেন।