তুর্কি সীমান্তবর্তী সিরীয় শহরে গাড়ি বোমা হামলায় নিহত ৪৩
তুরস্ক সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার আজাজ শহরে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, শনিবার শহরের একটি আদালতের কাছে ওই বিস্ফোরণ হয়। কয়েকটি গণমাধ্যমে সেখানে ৬০ জনের বেশি নিহত এবং আরও অনেক মানুাষ আহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে।
ঘটনাস্থল থেকে তুর্কি সীমান্ত মাত্র ৭ কিলোমিটার দূরে। গত কয়েকমাসে ইসলামিক স্টেট (আইএস) আজাজ শহরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি চলছে।
২০১৩ সাল থেকে আজাজ শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। অবস্থানগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই শহরটি বহুবার দখলের চেষ্টা করেছে আইএস।
সিরিয়ার সংঘাতময় অনেক এলাকা থেকে পালিয়ে আসা লোকজন আজাজ শহরে আশ্রয় নিয়েছে।
এর আগে নভেম্বরে আজাজ শহরে বিদ্রোহীদের সদরদপ্তরে গাড়ি বোমা হামলায় ২৫ জন নিহত হয়। অক্টোবরে বিদ্রোহীদের চেকপোস্টে একই ধরণের হামলায় ১৭ জনের প্রাণ যায়।
ওই দুইটি হামলার জন্য আইএসকে দায়ী করা হয়েছিল।
