২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনদাসীর ভাস্কর্য: সিউল থেকে জাপানের রাষ্ট্রদূত প্রত্যাহার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সেনাদের কাছে নির্যাতিত ‘যৌনদাসী’র নমুনা ভাস্কর্য সিউলের জাপান  ‍দূতাবাসের সামনে থেকে সরানোর পর ফের পুনঃস্থাপনের প্রতিবাদে সিউল থেকে জাপানের রাষ্ট্রদূত ইয়াসুমাসা নাগামিনসহ দুই শীর্ষ কর্মকর্তাকে সাময়িকভাবে টোকিওতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 04:58 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

একই সঙ্গে দেশটির সঙ্গে যৌনদাসীর ক্ষতিপূরণ দেয়ার চুক্তিও স্থগিত করা হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওর এ সিদ্ধান্তের কথা জানান বলে এদিন দুপুরে টোকিওতে সংবাদ মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সূগা জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর টোকিও ও সিউলের দ্বি-পাক্ষীয় সিদ্ধান্তে সিউলে অবস্থিত জাপান দূতাবাস থেকে ‘যৌনাদাসীর’ মূর্তি সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সিউল গত ২৮ ডিসেম্বর ফের তা স্থাপন করে। এটি আমাদের চুক্তির সরাসরি লঙ্ঘন।

তিনি বলেন, জেনেভা কনভেনশেনের আলোকে দুই দেশে কূটনৈতিক সম্পর্ককে অশ্রদ্ধা করা হয়েছে।

আমরা সত্যিই বিষ্মত হয়েছি। তাই সিউল থেকে রাষ্ট্রদূত ও বুসান থেকে প্রধান কনসিউলর ইয়াসুহিরো মরিমতোকে সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইয়াশিদা সূগা আরও বলেন, যৌনদাসীদের ক্ষতিপূরণ দেয়ার সব চুক্তি স্থগিত করা হচ্ছে। জাপানের প্রতিবেশী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। সরকার পরিস্থিতি বিবেচনা করে সিউলে রাষ্ট্রদূতের সিদ্ধান্ত নেবে।

এর আগে দক্ষিণ কোরিয়া ভাষ্কর্য না সরালে ক্ষতিপূরণ দেবে না বলে গত বছরই ঘোষণা দিয়েছিল জাপান।  ‘কমফোর্ট উইমেন’ নামে পরিচিত এই যৌনদাসীদের ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে সিউলে ব্যপক বিক্ষোভের ঘটনাও ঘটেছিল।

১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পেননুলিসিয়া জাপানি সেনাদের নিয়ন্ত্রণে ছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই অঞ্চলের বহু নারী জাপানি সেনাদের কাছে নির্যাতিত ও ধর্ষিত হওয়ার ঘটনা ঘটে।

প্রায় এক বছর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা ও কোরীয় পররাষ্ট্রমন্ত্রী ইং বাং যৌনদাসীদের জন্য সহায়তা চুক্তিতে সাক্ষর করেন।

ঘোষিত চুক্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ওইসব নারীর জন্য দক্ষিণ কোরিয়ার গঠিত তহবিলে ১শ’ কোটি ইয়েন (৮৩ লাখ ডলার) ক্ষতিপূরণ দিতে হবে জাপানকে।

 তবে বিনিময়ে শর্ত হল  দক্ষিণ কোরিয়াকে রাজধানী সিউলের জাপান দূতাবাসের সামনে থাকা এক কিশোরীর ভাস্কর্য (যেটি ‘কমফোর্ট ওমেন' এর আদলে তৈরি) অন্যত্র সরিয়ে নিতে হবে।

১৯৯২ সাল থেকে প্রতি বছরই যৌনদাসীদের সঙ্গে কোরিয়ার সাধারন মানুষ জাপান দূতাবাসের সামনে স্থাপিত ভাস্কর্য সামনে বিক্ষোভ করে।

এর আগে ২০১২ সালে প্রধানমন্ত্রী শিনজো আবে ও কোরীয় প্রেসিডেন্ট পার্ক গাইন দুই দফা এ বিষয়ে আলোচনা করেও সফল হতে পারেনি।

২০১৩ সালে পুনরায় যৌনদাসীদের নিয়ে আলোচনা হয়। ওই সময় জাপানের পক্ষ থেকে সিউলের দূতাবাসের সামনে স্থাপিত ওই ভাস্কর্যটি সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়া হলেও তা ভেস্তে যায়।