সিরিয়া শান্তি আলোচনা বয়কটের হুমকি বিদ্রোহীদের
রাশিয়া ও তুরস্কের উদ্যোগে এমাসের শেষ দিকে পরিকল্পিত সিরিয়া শান্তি আলোচনার প্রস্তুতি বন্ধ করার কথা জানিয়েছে দেশটির বিদ্রোহীরা।
বিদ্রোহী কয়েকটি গোষ্ঠীর সাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, সিরিয়া সরকারের যুদ্ধ বিরতি চুক্তির বড় ধরনের লঙ্ঘনই এর কারণ।
সোমবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “সিরিয়ার সরকার ও তাদের মিত্ররা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে এবং তারা অনেকবার যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে।”
“পরিস্থিতির এভাবে ক্রমাগত খারাপ হওয়া এবং যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের কারণে বিবৃতিতে সাক্ষর করা সশস্ত্র দলগুলো কাজাখস্তানে শান্তি চুক্তি নিয়ে যেসব আলোচনার হওয়ার কথা ছিল তা বন্ধের ঘোষণা দিচ্ছে।”
রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত যুদ্ধবিরতির এই উদ্যোগে সম্মত হয়েছিল সিরিয়ার বিবদমান পক্ষগুলো। জাতিসংঘও এই উদ্যোগকে স্বাগত জানায়।
গত বৃহস্পতিবার থেকে নতুন করে যুদ্ধবিরতি কার্যকর হয়।
জানুয়ারিতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।
কিন্তু যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে সহিংসতার মাত্রা কমলেও কিছু জায়গা থেকে গোলাগুলি, বিমান হামলা ও গোলার্বষণ অব্যাহত থাকার কথা শোনা গেছে।
যুদ্ধবিরতির মধ্যেই সরকার নিয়ন্ত্রিত উপকূলীয় শহর টারটোয়াসে মধ্যরাতের পর নতুন বছরের শুরুতে রোববার জোড়া আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
ওদিকে পশ্চিমাপন্থি ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) অভিযোগ, সরকারি বাহিনী ও হিজবুল্লাহর গেরিলারা রাজধানী দামেস্কের উত্তর-পশ্চিমের ওয়াদি বারাদা উপত্যকায় বিদ্রোহীদের হটানোর চেষ্টা অব্যাহত রেখেছে।
এফএসএ ও সিরিয়ার সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জানিয়েছে, ওই এলাকায় একটি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনীগুলো।
এফএসএ ভুক্ত কয়েকটি গোষ্ঠী ওই সময় এক বিবৃতিতে বলেছিল, শনিবার রাত ৮টার মধ্যে ওয়াদি বারাদা হামলা বন্ধ করতে রাশিয়া তার প্রভাব কাজে না লাগালে তারা যুদ্ধবিরতি বর্জন করবে।
যদিও পরে ওই বিদ্রোহী গোষ্ঠীগুলোর দুই কমান্ডার জানিয়েছিলেন, রাত ৮টার ঠিক আগে ওয়াদি বারাদার আপশাশে বিমান হামলা বন্ধ করা হয়েছে, তাই তারা যুদ্ধবিরতি বর্জন করেনি।
সোমবার নতুন করে বিদ্রোহী দলগুলোর শান্তি আলোচনা বয়কটের হুমকি সিরিয়ায় প্রায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
বিদ্রোহীরা দামেস্কের উত্তর-পশ্চিমের ওয়াদি বারাদা উপত্যকায় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই এলাকায় প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে।
সরকরি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, যেহেতু সেখানে জঙ্গিদল জাবহাত ফাতেহ আল-শাম (জেএফএস) এর সদস্যরা সক্রিয় তাই ওই এলাকা যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয়।
পানিতে ডিজেল মিশিয়ে ওয়াদি বারাদার থেকে রাজধানী দামেস্কের পানি সরবরাহ ব্যবস্থা দূষিত করার অভিযোগও করেছে সরকারি বাহিনী। বিদ্রোহীরা ওই অভিযোগ অস্বীকার করেছে।
