সিএনএন ‘সবচেয়ে খারাপ’ ছবিটি ছেপেছে, অভিযোগ ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সিএনএনটিভি চ্যানেলের নতুন একটি বইয়ের কভারে নিজের ‘সবচেয়ে খারাপ’ ছবিটি ব্যবহারের অভিযোগ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘আনপ্রিসিডেনটেড’ নামের ওই বইটি ডিসেম্বরে প্রকাশ করা হয়। বইটি নির্বাচন চলাকালীন সময় এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের বিস্ময়কর জয়ের উপাখ্যান।
৩ জানুয়ারি টুইটারে ট্রাম্প লেখেন, “সিএনএন এইমাত্র ‘আনপ্রিসিডেনটেড’ নামে একটি বই প্রকাশ করেছে, যেখানে ২০১৬ নির্বাচনী দৌড় ও জয়ের কথা বলা হয়েছে। আশা করি এটি ভালই হয়েছে। কিন্তু আমার সবচেয়ে খারাপ কভার ছবি ব্যবহার করা হয়েছে।”
পিপলস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, সিএনএন এর একজন লেখক বইটি লিখেছেন।
“সেখানে প্রেসিডেন্ট পদের জন্য একজন দাম্ভিক ধনকুবের ও রিয়্যালিটি টিভি স্টার যার কোনও সামরিক বা সরকারি কাজের অভিজ্ঞতা নেই, রাজনীতির নিয়মের প্রতি শ্রদ্ধাহীন এবং নিঃসংকোচে মানুষ সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ট্রাম্পের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের লড়াইয়ের কথা বলা হয়েছে।”
বইটিতে দুইটি কাভার ব্যবহার করা হয়েছে। উদ্বোধনী সংস্করণে রয়েছে ‘ভ্রু কিছুটা কুঁচকে’ তাকিয়ে থাকা ট্রাম্পের ছবি।
পরবর্তী সংস্করণে একটি পোডিয়াম থেকে ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন এরকম একটি ছবিসহ আরও বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে।
ট্রাম্প তার কোন ছবিটাকে সবচেয়ে খারাপ বলেছেন তা পরিষ্কার হওয়া যায়নি।
ট্রাম্পের এ ধরনের অভিযোগ অবশ্য নতুন নয়। এ আগে এনবিসি নিউজের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ করেছিলেন তিনি।
