দ. কোরিয়া কেলেঙ্কারি: চোই সুন সিলের মেয়ে গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের রাজনৈতিক কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা নারী চোই সুন সিলের মেয়েকে গ্রেপ্তার করেছে ডেনমার্কের পুলিশ।
দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, চোই সুন সিলের মেয়ে চুং ইয়ু-রা (২০) ডেনমার্কে অবৈধভাবে আছেন বলে অভিযোগ আছে। তাকে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
আর তার মা চোই সুন সিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গে বন্ধুত্বের সুযোগে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। পার্ক এবং চোই দুজনই এর জন্য ক্ষমা চাইলেও অভিযোগ অস্বীকার করেছেন।
চোই সুন সিলকে নিয়ে কেলেঙ্কারির জন্য দক্ষিণ কোরিয়ায় কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৯ ডিসেম্বরে পার্ককে অভিশংসন করে পার্লামেন্ট।
একই কেলেঙ্কারিতেই সিলের মেয়ে চুং জড়িত থাকার অভিযোগে তাকে খুঁজে বের করতে আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলের সহায়তা চেয়েছিল দক্ষিণ কোরিয়া।
চোই সুন সিল জেরার সম্মুখীন হওয়ার জন্য দেশে ফিরে আটক হয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ আরও নানা অভিযোগ আছে।
দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্টের দুর্নীতি কেলেঙ্কারির ঘটনায় অভিশংসনের পক্ষে ভোট দিলেও এ সিদ্ধান্তের বিষয়টি দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতকে নিশ্চিত করতে হবে। এতে ছয়মাস সময় লাগবে।
এ সময় শেষ না হওয়া পর্যন্ত পার্ক প্রেসিডেন্ট থাকবেন। তবে তার হাতে কোনও ক্ষমতা থাকবে না। ক্ষমতা দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।
