২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরুন্ডির পরিবেশমন্ত্রী গুলিতে নিহত

নববর্ষের আগের দিন বাড়ি ফেরার পথে বুরুন্ডির পরিবেশমন্ত্রী গুলিতে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 01:57 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বিবিসি বলছে, ৫৪ বছর বয়সী পরিবেশমন্ত্রী ইমানুয়েল নিয়ংকুরু ২২:৪৫ জিএমটিতে একজন অপরাধীর গুলিতে নিহত হয়েছেন বলে দেশটির পুলিশের একজন মুখপাত্র টুইটারে জানিয়েছেন।

টুইটারে পিয়ের কিউরিকিয়া নামের ওই মুখপাত্র জানান, নিয়ংকুরুর সঙ্গে থাকা একজন নারীকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়ের কিউরানজিজা এই অপরাধের শাস্তি হবেই বলে ঘোষণা দিয়েছেন।

২০১৫ সালে কিউরানজিজা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়। এর জেরে থেকে শতাধিক মানুষ নিহত হন। তাদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

কিন্তু এবারই প্রথম ক্ষমতাসীন কোনো মন্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটল।

বিরোধীদলগুলো তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে কিউরানজিজার অংশ নেওয়ার ঘোষণাকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছে।

অবশ্য এরপরও বেশ কয়েকমাস ধরে দেশটি তুলনামূলকভাবে স্থিতিশীলই ছিল।