২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। তারপর তাইওয়ানের প্রেসিডেন্ট যদি যুক্তরাষ্ট্র সফরে আসেন তবে তার জন্য দরজা খোলা থাকতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প।

পরিবার নিয়ে নিজের মার-এ-লাগো স্টেটে বর্ষবরণ উৎসব উদযাপন করেন ট্রাম্প।

সেখানে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা দেখব।”

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট সাইয়ের ৭ জানুয়ারি হিউসটন এবং ১৩ জানুয়ারি সান ফ্রানসিস্কো যাওয়ার কথা রয়েছে।

গত ৮ নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা জানান সাই। যা ভাল চোখে দেখেনি চীন।

চীন সরকার তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে। তাইওয়ান বিষয়ে তাদের ‘এক চীন নীতি’ রয়েছে।

প্রায় চার দশক ধরে যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে আসছে। যদিও ট্রাম্প বলেছেন, তার দেশ ওই নীতি মানতে বাধ্য নয়।

এক চীন নীতি নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাটকীয় মোড় নিয়ে আসতে পারে।